ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সদস্যদের ভিন্নমতের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সিটি কর্পোরেশন সংশোধন বিলের বিষয়ে তাদের সুপারিশ চূড়ান্ত করতে পারেনি।
কমিটির বুধবারের বৈঠকে কিছু সাংসদ ঢাকা সিটি কর্পোরেশন এলাকাকে দুটি ভাগে বিভক্ত করার প্রস্তাব করেন। যার একটি অংশ হবে উত্তর, অপরটি দক্ষিণ।
তাদের কেউ কেউ গাজীপুর ও নারায়নগঞ্জকেও শহর ঘোষণার প্রস্তাব করেন।
নির্বাচন কমিশন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের জন্য সিটি কর্পোরেশন বিলটি পাসের অপেক্ষায় রয়েছে।
তবে স্থায়ী কমিটি পৌরসভা বিলের বিষয়ে তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। এতে পৌরসভায় সাংসদদের পদাধিকারবলে উপদেষ্টা করার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী সাংবাদিকদের বলেন," ঢাকা সিটি কর্পোরেশন এলাকাকে দুটি ভাগে বিভক্ত করার প্রস্তাব করেছেন কিছু সাংসদ। তাদের কেউ কেউ গাজীপুর ও নারায়নগঞ্জকেও শহর ঘোষণার প্রস্তাব করেন। আমরা তাদের মতামত শুনেছি। কিন্তু এ ব্যাপারে কোনো সুপারিশ চূড়ান্ত হয়নি।"
তিনি জানান, কমিটি এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে এবং পরবর্তীতে সুপারিশ চূড়ান্ত করা হবে।
পৌরসভা বিলের বিষয়ে কমিটির সুপারিশ সম্পর্কে জানতে চাইলে রহমত আলী বলেন, "পৌরসভায় সাংসদদের পদাধিকারবলে উপদেষ্টা করার একটি বিধি আমরা সংযুক্ত করেছি। তবে এক্ষেত্রে সাংসদদের পরামর্শ নেওয়াটা বাধ্যতামূলক করা হয়নি, যেমনটা করা হয়েছে উপজেলা আইনে।"
তিনি আরো জানান, স্থায়ী কমিটি পৌরসভা বিলে দু'জন ডেপুটি মেয়রের পদ সৃষ্টিরও সুপারিশ করেছে, যাদের মধ্যে একজন থাকবেন মহিলা।
নবম সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সুপারিশসহ পৌরসভা বিলটি উত্থাপিত হবে। এ অধিবেশনেই বিলটি পাস হওয়ার কথা।
সেনাবাহিনী সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার সিটি কর্পোরেশন এবং পৌরসভা আইন পরিবর্তনের জন্য দুটি অধ্যাদেশ জারি করে। পরে অনুমোদনের জন্য অন্যান্য অধ্যাদেশের সঙ্গে এ দুটি অধ্যাদেশও সংসদে উপস্থাপন করা হয়।
আওয়ামী লীগ সরকার নীতিগতভাবে আইন দুটি গ্রহণ করে এবং নতুন পৃথক দুটি বিল আকারে তা সংসদে উত্থাপন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২২০ ঘ.
bdnews24