২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুই গোয়েন্দা প্রধান উল্লেখযোগ্য তথ্য দেননি

দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তবে উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তবে উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম। দুই সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়। মোহাম্মদ মুসলিম বলেন, "প্রথম দু'দিন জিজ্ঞাসাবাদে মুখ না খুললেও মঙ্গলবার তারা কিছু তথ্য দিয়েছেন। তবে তা উল্লেখ করার মতো নয়। মামলার প্রয়োজনের তুলনায় খুবই কম।" এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। মামলার তদন্তে নিয়োজিত সিআইডি'র অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ দিনে এই দুই সাবেক উর্ধ্বতন কর্মকর্তা এনএসআই এর সাবেক পরিচালক সাহাব উদ্দিনের জবানবন্দির আলোকে কিছু বিষয়ে তথ্য দিয়েছেন। শনিবার বিকেলে এই সাবেক দুই গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদ শুরু করে সিআইডি। আদালত তাদের তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। সিআইডি কর্মকর্তা মুহাম্মদ মুসলিম জানান, বুধবার সকালে তাদের আাদলতে হাজির করে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হতে পারে। এছাড়া একই মামলায় কারাগারে আটক অন্য আসামি এনএসআই-এর সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিনকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হতে পারে। সাহাব উদ্দিনকে দুই সাবেক গোয়েন্দা প্রধানের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। এদিকে সিআইডি হেফাজতে আবদুর রহিম বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন। সিআইডি কর্মকর্তারা জানান, ভোরে পাঁচলাইশ থানার বাথরুমে পড়ে গিয়ে আবদুর রহিমের ডান চোখের উপরের অংশের চামড়া সামান্য উঠে গেছে। প্রথমে তাকে দামপাড়া পুলিশ হাসপাতাল এবং পরে পাহাড়তলী চক্ষু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর পর তাকে আবারও সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় কার্যালয়ে কোন হাজতখানা না থাকায় সোমবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক দুই গোয়েন্দা প্রধানকে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা হাজতে রাখা হয়। গত শুক্রবার রাতে সাহাব উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে রেজ্জাকুল হায়দার ও আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সাহাব উদ্দিনের জবানবন্দিতে অস্ত্র খালাসের সঙ্গে দুই সাবেক গোয়েন্দা প্রধানের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। ২০০৪ সালের এক এপ্রিল মধ্য রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিতে অস্ত্র খালাসের সময় চালানটি ধরা পড়ে। ওই সময় আবদুর রহিম এনএসআই'র মহা-পরিচালক এবং রেজ্জাকুল হায়দার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক পদে কর্মরত ছিলেন। পরে তিনি এনএসআই'র মহাপরিচালক হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/টিআর/২২৫০ ঘ.