পাবনা, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের সাবেক এক নেতাকে রোববার রাতে গুলি করে হত্য করেছে দুর্বৃত্তরা।
পাবনা জেলা ছাত্রদল সভাপতি মাহমুদুন্নবী স্বপন ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এ ঘটনার জন্য সরকার দলীয় 'সন্ত্রাসীদের' দায়ী করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর জানান, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু (২৫) রোববার রাত সাড়ে ১২ টার দিকে পেয়ারাখালী এলাকায় বাড়িতে ফিরছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা অজ্ঞাত বন্ধুকধারীরা তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, রাজুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় তিনটি হত্যাসহ একাধিক মামলা ছিল।
তিনি জানান, রাজুর বড় ভাই ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া পিন্টু বিগত মেয়র নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় দলে অভ্যন্তরীণ কোন্দল ছিল। এর জেরে রাজু খুন হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩১ ঘ.
bdnews24