২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশে বাংলাদেশ মিশনে পর্যটন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা চলছে'

বিদেশে বাংলাদেশ মিশনে একজন করে পর্যটন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, "বাংলাদেশের দূতাবাসগুলোতে একজন করে পর্যটন বিষয়ক বিশেষজ্ঞ রাখার চেষ্টা চলছে। এছাড়া বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের দর্শনীয় স্থানের ছবি সম্বলিত বই রাখা হচ্ছে। প্রয়োজনে বিদেশী টেলিভিশনে বিজ্ঞাপনও দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 08:09 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে বাংলাদেশ মিশনে একজন করে পর্যটন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, "বাংলাদেশের দূতাবাসগুলোতে একজন করে পর্যটন বিষয়ক বিশেষজ্ঞ রাখার চেষ্টা চলছে। এছাড়া বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের দর্শনীয় স্থানের ছবি সম্বলিত বই রাখা হচ্ছে। প্রয়োজনে বিদেশী টেলিভিশনে বিজ্ঞাপনও দেওয়া হবে।" রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) কার্যালয়ে 'ডেভেলপমেন্ট অ্যান্ড পোটেনশিয়ালস অব ট্যুরিজম ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ' শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। মালদ্বীপের চেয়েও বাংলাদেশের পর্যটন খাত বেশি সম্ভাবনাময় উল্লেখ করে জি এম কাদের বলেন, "মানুষ দেখার জন্য যা চায় সবই আমাদের এখানে আছে। আমাদের রয়েছে সমুদ্র, পাহাড়, লেক, নদী, জঙ্গল, চা বাগানসহ আরো অনেক নৈসর্গিক দৃশ্য। এখন আমাদের শুধু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এ চেষ্টা আমরা করছি।" কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা এবং কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে মহাপরিকল্পনার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন পর্যটন নীতিমালা তৈরির পর পর্যটন বোর্ড হবে। পর্যটন এলাকার হোটেল, মোটেল ও রেস্টুরেন্টকে এ বোর্ডে নিবন্ধিত হতে হবে। ঠিকমত সেবা না দিলে এদের নিবন্ধন বাতিল করারও নিয়ম থাকবে ওই বিধানে। কোনো প্রশ্ন ছাড়া অপ্রদর্শিত আয় পর্যটন খাতে বিনিয়োগের বিষয়টি আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে জাতীয় পর্যটন বোর্ড গঠনের প্রস্তাব দিয়ে ডিসিসিআই সভাপতি জাফর ওসমান বলেন, "আমাদের দূতাবাসগুলো বিদেশে পর্যটন মেলা আয়োজনসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন করতে পারে।" প্রতি বছরের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি এবং গাইড বুক, ম্যাপ, পোস্টার ও সংক্ষিপ্ত তথ্যচিত্র তৈরি করারও পরামর্শ দেন জাফর ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এইচএ/০২১৪ ঘ.