২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: তদন্তের মেয়াদ বাড়ল ৭০ দিন

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার তদন্তের মেয়াদ আরো ৭০ দিন বাড়ানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য আরো তিন মাস সময় চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ আবেদন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার তদন্তের মেয়াদ আরো ৭০ দিন বাড়ানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য আরো তিন মাস সময় চেয়ে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ আবেদন মঞ্জুর করেন। আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবার এ মামলার অধিকতর তদন্তের সময় শেষ হওয়ার দিন। ওদিকে এ মামলায় জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিলের জন্য মহানগর পিপি দায়রা জজ আদালতে আবেদন জানিয়েছেন। মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারক তদন্তের মেয়াদ আগামী ২২ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন।" ৮ আসামির জামিন বাতিল আবেদনের বিষয়ে তিনি বলেন, "মামলার তদন্তের প্রয়োজনে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই জামিন বাতিলের আবেদন জানানো হয়েছে।" আসামিরা হচ্ছেন- হাজী আব্দুস সোবহান, কবির আহম্মদ, মোহাম্মদ রফিক, মুনির আহম্মদ, আব্দুল মান্নান, আব্দুল মালেক, মঞ্জুরুল আলম ও মুনির আহম্মেদ (মৃত)। ২০০৪ সালের ঘটনার পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিনে বেরিয়ে যান। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে সময় বাড়ানোর এ আবেদন করেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা এ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানান। পরে আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ইসমাঈল হোসেনকে আইও নিয়োগ করা হয়। কিন্তু দুই দফা সময় বাড়িয়েও তিনি মামলার তদন্তে কোনো অগ্রগতি করতে পারেননি। এরপর রাষ্ট্রপক্ষ ২০০৮ সালের ১৮ জানুয়ারি আদালতে আইও পরিবর্তনের আবেদন করে। বর্তমান তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এদের মধ্যে চার জনকে নতুন করে গ্রেপ্তার করা হয় এবং সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। অস্ত্র উদ্ধারের পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান মামলায় আলাদা দুটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/১৩৫২ ঘ.