২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে হাজী মোবারক আলী (৬৮) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে । মঙ্গলবার সকালে ব্যক্তিগত গাড়িতে চড়ে নাতিদের নিয়ে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 07:29 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে হাজী মোবারক আলী (৬৮) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে । মঙ্গলবার সকালে ব্যক্তিগত গাড়িতে চড়ে নাতিদের নিয়ে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। চাঁদার দাবিতে শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন। নিহতের ভাই জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোবারক আলী সকালে ব্যাক্তিগত গাড়িতে চড়ে নাতিদের স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে ডিআইটি প্রজেক্টের সামনে কয়েকটি মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা কমান্ডো স্টাইলে গাড়িটি ঘিরে ধরে তাকে গুলি করে। মোবারক তখন বাচ্চাদের জড়িয়ে ধরে রাখেন। তার দেহে একাধিক গুলি লাগে। পরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। মোবারক আলী আগে কাঠের ব্যবসা করতেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছিলেন। জয়নাল আবেদীন আরো জানান, ছয় মাস আগে দুবাই থেকে শীর্ষ সন্ত্রাসী জিসান পরিচয়ে এক ব্যক্তি নিহতের জামাতা তৈরী পোশাক কারখানা মালিক দেলোয়ার হোসেনের কাছে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দেলোয়ার বাড্ডা থানায় একটি জিডি করেন। কিন্তু পুলিশ তদন্তে এসে হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পায়। পরে আবারো অন্য এক নাম্বার থেকে ফোন করে ২ কোটি টাকা চাঁদা চায় জিসান। ময়নাতদন্ত শেষে মোবারক আলীকে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসী জিসানের সহযোগীরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকারীদের সন্ধানে অভিযান চালাচ্ছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায়ও এ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়। পওে মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১২৯ঘ.