২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: আবারো তদন্তের সময় বাড়ানোর আবেদন

তৃতীয় দফায়ও নির্ধারিত সময়ে অধিকতর তদন্ত শেষ না হওয়ায় আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আরও তিন মাস সময় চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দফায়ও নির্ধারিত সময়ে অধিকতর তদন্ত শেষ না হওয়ায় আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় আরও তিন মাস সময় চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন। আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবার এ মামলার অধিকতর তদন্তের সময় শেষ হচ্ছে। মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্তে আদালতের আগের নির্দেশনা অনুযায়ী পুরো কাজ শেষ করতে আরও সময় লাগবে বলে আইও তার আবেদনে উল্লেখ করেছেন। এ আবেদনের উপর বুধবার শুনানি হবে। ২০০৭ সালের ১৯ নভেম্বর তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা এ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানান। পরে আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দেয়। এর প্রেক্ষিতে সিআইডির সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট ইসমাঈল হোসেনকে আইও নিয়োগ করা হয়। কিন্তু দুই দফা সময় বাড়িয়েও তিনি মামলার তদন্তেকোন অগ্রগতি করতে পারেননি। এরপর রাষ্ট্রপক্ষ ২০০৮ সালের ১৮ জানুয়ারি আদালতে আইও পরিবর্তনের আবেদন করে। বর্তমান তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এদের মধ্যে চার জনকে নতুন করে গ্রেপ্তার করা হয় এবং সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। অস্ত্র উদ্ধারের পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান মামলায় আলাদা দুটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৪০ঘ.