ঢাকা,মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২০১০ সালের এসএসসি পরীক্ষা থেকে 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতি চালু করা না করার ব্যাপারে শিগগিরই তাদের সুপারিশ দেবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার কমিটির সভাপতি রাশেদ মেনন সাংবাদিকদের জানান, দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সুপারিশ দেবেন তারা।
শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন সংসদীয় কমিটির সুপারিশের ওপর ভিত্তি করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে এক মতবিনিময় সভার পর রাশেদ খান মেনন শিগগিরই তাদের সুপারিশ দেওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, সবার মতামতের ওপর গুরুত্ব দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর বিষয়ে শিক্ষাবিদ, অভিভাবকসহ বিভিন্ন মহলের মতামত নেওয়া হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বলেন," বিভিন্ন জনের মতামত নেওয়া হয়েছে। এখন এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটি যে সুপারিশ দেবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে।"
গত বছরের এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের এসএসসিতে বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা 'সৃজনশীল' প্রশ্ন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন স্থির হয় পরের বছর অর্থাৎ ২০১১ সাল থেকে সব বিষয়ের পরীক্ষাতেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে।
কিন্তু কিছুদিন ধরে প্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বেশ কিছু অভিভাবক ২০১০ সালের এসএসসি থেকে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু না করার দাবি জানিয়ে আসছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, মুহাম্মদ ইব্রাহিম, সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক রতন কুমার রায়, ভিকারুন নিসা নুন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীম জাহানসহ কয়েকজন এই পদ্ধতি চালুর পক্ষে মত দেন। অন্যদিকে এই পদ্ধতি ২০১০ সাল থেকে চালু না করার পক্ষে মত দেন মূলত অভিভাবকরা। তাদের পক্ষে ছেফায়েত উল্লাহ পাটওয়ারী, নীপা সুলতানাসহ বেশ কয়েকজন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১৩৫ঘ.
bdnews24