ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত আসামিদের আড়াল করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাবেক তিন কর্মকর্তা মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী তিনজন হলেন- সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান, মো. আব্দুর রশিদ, মো. রুহুল আমিন।
সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর তারা জামিনের আবেদন করেন।
জজ এ এন এম বশিরউল্লাহ ১ জুন জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।
অভিযুক্তদের আইনজীবী এবিএম ওয়ালিউর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আট সপ্তাহের মেয়াদ এখনও শেষ হয়নি সে কারণে আজ (মঙ্গলবার) তাদের জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি বিচারক।"
গত ২৯ মার্চ পল্টন থানায় মামলাটি করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল কবির।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা হিসেবে এ তিনজন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নির্দোষ জজ মিয়াসহ তিনজনকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করেন। ২২ জন নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করেন প্রকৃত আসামিদের আড়াল করার জন্য।
গত ১৩ এপ্রিল আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারপতি এম এ ওয়াহাব মিয়া ও মোহাম্মদ মারজি-উল হকের বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।
এ সময় তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/১৮৪৮ ঘ.
bdnews24