২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত সময়ে শেষ হলো না দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত

নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ। ১৩ মে তদন্তের মেয়াদের শেষ দিন হলেও এ পর্যন্ত রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

মিন্টু চৌধুুরী ,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ। ১৩ মে তদন্তের মেয়াদের শেষ দিন হলেও এ পর্যন্ত রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এ অবস্থায় মামলার তদন্তের মেয়াদ বাড়ানোর জন্য সিআইডি-র পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি-র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী মহানগর দায়রা জজ আদালতে সময় বাড়ানোর আবেদন জানাবেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি মো. কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে এমন অনেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দফা ডাকা হলেও তারা উপযুক্ত সময়ে সাড়া না দেওয়ায় তদন্ত কাজ নানাভাবে ব্যাহত হয়।" তিনি এ মামলার তদন্ত প্রক্রিয়াকে 'দীর্ঘমেয়াদী' উল্লেখ করে বলেন, "পুরোপুরি জট নিরসনের জন্য সময়ের দরকার। এজন্য পুনরায় সময়ের জন্য আদালতে আবেদন জানানো হবে।" পিপি কামাল উদ্দীন জানান, মামলার তদন্তে নিযুক্ত সিআইডি কর্মকর্তারা শুধুমাত্র খালাস- পরবর্তী ঘটনায় যুক্তদের জিজ্ঞাসাবাদ করলেও অন্য আরও বিষয় উঠে এসেছে যা মামলার তদন্তে সহায়ক হচ্ছে। তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা এ বছরের ১৮ জানুয়ারি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য আদালত আইও পরিবর্তনের আদেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর এ মামলায় আগে গ্রেপ্তারকৃত আসামি হাফিজুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে হাফিজ সংরক্ষিত সিইউএফএল জেটি ঘাটে অস্ত্র খালাসের বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ কোস্টগার্ড ও সরকারি গোয়েন্দা সংস্থা জড়িত থাকার বিষয়টি উল্লেখ করেন। সিআইডি'র তদন্ত দল পরে সিইউএফএল, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থার তৎকালীন কর্মকর্তা এবং পুলিশ সদস্য ও পাচারে ব্যবহৃত ট্রাক মালিকদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র খালাসকালীন সময়ে সিইউএফএল-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার. মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, এনএসআই'র মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ আকবরের জবানবন্দির ভিত্তিতে এনএসআই'র তৎকালীন পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময়কালে আসামি হাফিজসহ সাত ব্যক্তি ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এনএসআই-র সাবেক পরিচালক সাহাবুদ্দিনকে ঢাকায় টিএফআই সেলে দ্বিতীয় দফা ছয়দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচেছ। তদন্তে অগ্রগতি এবং আবার সময় বাড়ানোর আবেদন করা প্রসঙ্গে সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার ও মামলার সুপারভাইজার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়কালে স্পর্শকাতর এ মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এর অন্যান্য দিকগুলো বের করতে আরও সময়ের প্রয়োজন।" তারা অস্ত্র খালাস ও অন্যান্য কাজের সঙ্গে যুক্তদের চিহ্নিত করার কাজটি অনেকটা করতে পেরেছেন জানিয়ে মোহাম্মদ মুসলিম বলেন, দ্রুতই এ মামলার তদন্ত কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী। কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়। অস্ত্র উদ্ধারের পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৭১২ঘ.