ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুইটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছে আদালত। জঙ্গি মদদ দানের অভিযোগে বিচার চলছে তার। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোসাম্মৎ লুৎফা বেগমের আদালতে আত্মসমর্পন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। (আরও তথ্যসহ)
নাদিম মোস্তফার আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম জানান, বেলা পৌনে ১২টায় নাদিম মোস্তফা আদালতে আত্মসমর্পন করেন।
তিনি জানান, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাবিধি অনুযায়ী সাবেক সাংসদকে ডিভিশন দেওয়ার আদেশ দিয়েছেন।
রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তফা ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর আত্মগোপনে চলে যান।
পুঠিয়ার বানেশ্বর কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে সোনার মুকুট উপহার নিয়ে আলোচিত এ সাবেক সাংসদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও চাঁদাবাজি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত, জঙ্গি মদদ এবং ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে মোট সাতটি মামলা হয়। দুটি মামলায় তার সাজা হয়েছে ১২ বছর।
তার আইনজীবী ফখরুল ইসলাম জানান, এর মধ্যে ভোটকেন্দ্র দখল ও চাঁদাবাজির মামলায় তাকে সাত বছর কারদণ্ড দিয়েছে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২। চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় একই আদালত তাকে পাঁচবছর কারাদণ্ড দেয়।
ত্রাণের টিন আত্মসাতের চারটি মামলার মধ্যে একটিতে বেকসুর খালাস পান তিনি। বাকি তিনটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
গত ৩ মে দন্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আগামী দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকোর্ট।
দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর গত ২৩ ফেব্র"য়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল।
রায়ে পলাতক দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারে কিনা- এ বিষয়ে দুই বিচারপতি দুই মত দিয়েছিলেন।
ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক দণ্ডপ্রাপ্ত পলাতক প্রভাবশালীদের আবেদন বিবেচনাধীন রেখে তাদেরকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।
তার রায়ে বলা হয়েছিল, নিম্ন আদালত দণ্ডপ্রাপ্ত প্রভাবশালীদের হেফাজতে নেবে। এই সময়ের মধ্যে তাদের কারাগারে যেতে হবে না। নিম্ন আদালত থেকে প্রভাবশালীদের ওকালতনামায় স্বাক্ষর আনার পর হাইকোর্টে বিচারাধীন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
অপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রভাবশালীদের আবেদনগুলো নিষ্পত্তি করে দিয়ে অবিলম্বে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন।
এই দ্বিধাবিভক্ত রায়টির বিষয়ে পরবর্তী নির্দেশের জন্য ওই বেঞ্চ নথিগুলো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। প্রধান বিচারপতি এ বিষয় নিষ্পত্তির জন্য বিচারপতি মো. ইমান আলীকে তৃতীয় বেঞ্চের দায়িত্ব প্রদান করেন।
রোববার হাইকোর্টের তৃতীয় বেঞ্চ যেসব প্রভাবশালীর জামিন ও মামলা বাতিলের আবেদন নিয়ে দেওয়া দ্বিধাবিভক্ত রায় নিষ্পত্তি করেছেন তারা হলেন- সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী সেলিম ও মো. মহিউদ্দিন এবং বিএনপির নাদিম মোস্তফা, আবু হানিফ পাটোয়ারী, মো. বাবুল চৌধুরী, সারিয়া চৌধুরী, মাফরুজা সুলতানা, মাসুদুর রহমান ও সফিউর রহমান বাবু।
মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের আগে নাদিম মোস্তফা কোর্ট এলাকার শহীদ মিনারের পাদদেশে নেতা-কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তার বিরুদ্ধে করা মামলাগুলোকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নিম্ন আদালতে হাজির হতে যাচ্ছেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমানসহ কয়েকশ' নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহীর বিভিন্ন এলাকার বিএনপি এবং এর অংগসংগঠনের নেতাকর্মীরা ২৫-২৫টি বাস-মাইক্রোবাসে করে আদালত চত্বরে আসেন। উপস্থিত নেতাকর্মীরা এসময় বিভিন্ন শ্লোগান দেয়।
আদালতে আসার আগে শহরের হযরত শাহ মখদুম (রহ:) এর মাজার জিয়ারত করেন নাদিম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জিএনএ/এমএসবি/১৯১৭ ঘ.
bdnews24