চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে আধুনিক সুযোগ সুবিধার একটি র্পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামে এটিই হবে প্রথম পাঁচ তারকা হোটেল।
সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ সোমবার দুপুরে ২০০ কোটির টাকার বেশি ব্যয়ে নির্মিতব্য এ হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সেনাবাহিনীর নিজস্ব অর্থায়ানে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের বিপরীতে এবং চিটাগাং ক্লাব সংলগ্ন সেনাবাহিনীর ৪ দশমিক ১৮ একর জায়গায় 'ওয়াটার গার্ডেন হোটেল চিটাগাং' নামে এ হোটেলটি নির্মাণ হচ্ছে। দশ তলা এ হোটেল নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর কাদের সাংবাদিকদের জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরোদমে নির্মাণ কাজ শুরু হবে। ২০১৩ সালে হোটেলটি পুরোপুরি চালু করা হবে।
তিনি জানান, আন্তর্জাতিক মানের এ হোটেলটিতে চট্টগ্রামের মেজবান ঐতিহ্যকে মাথায় রেখে দুই হাজার আসনের একটি মেজবান হল নির্মাণ করা হবে। হোটেলের প্রথম তিনটি তলা থাকবে বহুমুখী ব্যবহারের জন্য। দুশ''টি কক্ষ ছাড়াও থাকবে নয়টি এক্সিকিউটিভ সুইট, আটশ' লোক ধারনক্ষম ব্যাংকুয়েট হল ও সুইমিং পুল।
হোটেলটি পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন শৈলীতে নির্মাণ করা হবে বলেও ব্রিগেডিয়ার মঞ্জুর কাদের জানান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনা প্রধান মইন উ আহমেদ বলেন, বিশ্বমানের এ হোটেলটি নির্মিত হলে সারা বিশ্বে চট্টগ্রামের গুরুত্ব আরো বাড়বে। বিদেশি পর্যটকরা ঐতিহ্যবাহী বন্দর নগরীর প্রতি আরো বেশি আকৃষ্ট হবেন।
২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীম চৌধুরীসহ সামরিক ও বেসামরিক উধ্বর্তন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24