টাঙ্গাইল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটসহ কয়েকটি বোমা হামলা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য ইউনুস আলী ওরফে কায়সারকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার টাঙ্গাইলের বিচার বিভাগীয় হাকিম আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।
রোববার ভোরে বাসাইল উপজেলার হাবলা দক্ষিণ পাড়ার মামা শামসুল আলমের বাড়ির রান্নাঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইউনুস ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
একইদিন রাতে ইউনুস আলীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে তার সহযোগী জেএমবি সদস্য শরিফকেও গ্রেপ্তার করে।
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট এবং কয়েকটি বোমা হামলার ঘটনায় পুলিশের চার সদস্যের একটি বিশেষ দল ইউনুস আলীকে জিজ্ঞাসাবাদ করবে।
২০০৩ সালে জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট, ২০০৫ সালের আগস্টে ময়মনসিংহ শহরের একটি সিনেমা হলে বোমা হামলার ঘটনায় তিনটি এবং একই বছর নেত্রকোনা শহরের উদীচী কার্যালয়ে বোমা হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে ইউনুসের বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24