ব্রাহ্মণবাড়িয়া, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাগদিয়া গ্রামে সোমবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এদের হবিগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ জানায় সকালে বাগদিয়া গ্রামের গাজী মিয়া ও দিলু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এর পর দুপক্ষের কয়েক শ' সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ইকবাল আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার ইকবাল আলী সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূইয়া জানান, দাঙ্গাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.
bdnews24