২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে মূল্য স্থিতিশীল রাখতে পাঁচ নিত্যপণ্য আমদানির সিদ্ধান্ত

আসছে রমজানে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার টিসিবির মাধ্যমে পাঁচটি পণ্য- ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ ও ছোলা সরাসরি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা (পিপিআর) এক বছরের জন্য শিথিল করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসছে রমজানে বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার টিসিবির মাধ্যমে পাঁচটি পণ্য- ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ ও ছোলা সরাসরি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালা (পিপিআর) এক বছরের জন্য শিথিল করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজও উপস্থিত ছিলেন। সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য পাঁচটি পণ্য টিসিবি'র মাধ্যমে সরাসরি আমদানির ক্ষেত্রে জটিলতা নিরসনে পিপিআর এক বছরের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যগুলো হচ্ছে- ভোজ্যতেল, চিনি, ডাল, পেঁয়াজ ও ছোলা। তিনি জানান, এ ব্যাপারে কমিটি অনুমোদন দিয়েছে। পিপিআর শিথিল করায় এখন থেকে বেসরকারি উদ্যোক্তাদের মতো টিসিবিও সরাসরি আমদানি করতে পারবে। অর্থমন্ত্রী বলেন, "সামগ্রিকভাবেই সরকারি ক্রয় সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় সংশোধনী আনা হবে। এ জন্য পর্যালোচনার কাজ চলছে। আগামী বাজেটে এ ব্যাপারে ঘোষণা থাকবে।" বাণিজ্য মন্ত্রী ফারুক খান সাংবাদিকদের জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৬ লাখ টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এর পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। সরকারের পক্ষে এতো পরিমাণ তেল আমদানি সম্ভব নয়। তারপরও সরকার কিছু আমদানি করছে। বাকি চাহিদা পূরণের জন্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৪০৩ ঘ.