স্বপ্নবান এক বিজ্ঞানীর কথা
প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে একসময় কাজ করেছেন পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান সিএস করিম। কাছ থেকে তিনি দেখেছেন বিজ্ঞানী ও মানুষ ওয়াজেদ মিয়াকে। বিজ্ঞানের এই একনিষ্ঠ সাধকের কর্মনীতি, দর্শন আর জ্ঞানভিত্তিক এক সমাজের স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
ড. ওয়াজেদ মিয়া, ফাইল ছবি
ওয়াজেদ মিয়াকে দেখে মনে হতো তিনি যেন ক্লান্তিহীন, বিজ্ঞানকে সামাজিক উন্নয়নে আরও অর্থবহ করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার নতুন নতুন সুযোগের সন্ধানে মত্ত। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে একজন উর্ধ্বতন সহকর্মী হিসেবে তাকে শেষ দিন দেখার কথা আমার এখনও মনে আছে- ১৯ ফেব্র“য়ারি ১৯৯৯, প্রতিষ্ঠানটিতে তার কাজের শেষদিন। ৩৬ বছরের কর্মস্থলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সে দিনটিতেও তার কর্মোদ্যম একটুও স্তিমিত হতে দেখিনি। একটা মহৎ উদ্দেশ্যের প্রতি অবিচলভাবে প্রতিশ্রুত থাকার এ এক উজ্জ্বল দৃষ্টান্ত।
একটা উন্নয়নশীল দেশে উন্নয়নের প্রেক্ষিত বিবেচনায় বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞানীদের অনেকে বাস্তবতা বর্জিত এবং অপ্রয়োজনীয় বলে মনে করেন। কিন্তু তিনি একদিন আমাকে বলেছিলেন, “একটা উন্নয়নশীল দেশে, যেখানে সম্পদ অপ্রতুল সেখানে একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিই জাতির জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে।” তার জীবনের সবগুলো কর্মময় বছরই তিনি নিবেদন করেছেন বিজ্ঞান এবং তার পেছনের মানুষগুলোকে মহিমান্বিত করার কাজে।
বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে ড. ওয়াজেদের চাকরির শেষ সময় পর্যন্ত বেশ কয়েক বছরের জন্য তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম আমি। প্রাথমিকভাবে ওই কাজ ছিল পরমাণু শক্তি চালু করার সঙ্গে সম্পর্কিত। তিনি এ নিয়ে লেগে ছিলেন। ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’র (আইএইএ) প্রধান ড. এল বারাদির সঙ্গে ১৯৯৮ সালে তার কথা বলার কথা মনে আছে আমার। তিনি পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্র“তির বিষয়টি জোর দিয়ে বলেন। স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশে পরমাণু শক্তি প্রকল্প চালুর বিষয়ে সহায়তা করতে এখানে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে এল বারাদিকে অনুরোধ জানান তিনি। তার অনুরোধ গৃহীত হয়েছিল এবং সময়সীমা নির্ধারণ করে দুই পক্ষের কারা কখন কী করবে সেসব বিষয়ে বিস্তারিত পরিকল্পনাসহ ঢাকায় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। তার একবছর পর আইএইএ একটি প্রশিক্ষণ কোর্সে অর্থায়ন করে। সম্ভবত সদস্য দেশগুলোকে দেওয়া এ ধরনের সহায়তার মধ্যে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশিক্ষণ সহায়তা। তার ওই জোরালো অনুরোধ ছাড়া এ ধরনের একটি আয়োজন করতে কয়েক বছর লেগে যেতো। কঠোর পরিশ্রম করে দ্রুততম সময়ের মধ্যে সফলভাবে কাজ করার তার এরকম আরও বহু দৃষ্টান্ত আছে।
ড. ওয়াজেদ মিয়া ছিলেন এক মেধাবী ব্যক্তিত্ব। তিনি কয়েকবছর আগে কোনো বিষয়ে তার দেওয়া মতামত বা মন্তব্য হুবহু মনে করতে পারতেন। তিনি যে দৃঢ় যুক্তি ও ধী শক্তি খাটিয়েই সিদ্ধান্ত নিতেন এটা তারই প্রমাণ। অনেকেই অল্পদিন আগের কথাও দ্রুত ভুলে যান কেননা তারা জোরালো যুক্তি কিংবা কোনো বিশদ বিশ্লেষণ ও অভিনিবেশ ছাড়াই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেন। তার পক্ষে এমনটা কল্পনা করাও ছিল অসম্ভব। নিখুঁত ও ভ্রান্তিহীণ না হলে এবং দৃঢ় যৌক্তিকতা না থাকলে একজন বিজ্ঞানীর করা কাজকেও তিনি নাকচ করে দিতেন। তিনি দৃঢ়ভাবে এ চর্চায় বিশ্বাসী ছিলেন এবং প্রকৃতপক্ষে বিজ্ঞানে তিনি যা কিছু করেছেন তার সবই এ ভিত্তির ওপর দাঁড়িয়ে।
তিনি সম্মিলিত সক্ষমতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এবং আমাদের দেশের সম্ভাবনায় আস্থাবান ছিলেন। এর বেশিরভাগটাই বাস্তবায়ন করা যায়নি। উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা এবং এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্বে তার দৃঢ় বিশ্বাস ছিল। একসময় তিনি বলেছিলেন, আমাদের চাহিদাকে মাথায় রেখে যথোপযুক্ত কর্মসূচি গ্রহণ করাটা বিজ্ঞানীদের দায়িত্ব এবং অবশ্যই নীতিনির্ধারক পর্যায়ে বিজ্ঞান এবং উন্নয়নের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। জ্বালানি সরবরাহ, স্বাস্থ্যসেবা কিংবা শিল্পায়নের সঙ্কট নিরসনে পরমাণু বিজ্ঞানের অনেক সম্ভবনা দেখতে পেয়েছিলেন তিনি। বিজ্ঞানের জ্ঞাননির্ভর একটি ভবিষ্যত সমাজ তার লক্ষ্য ছিল।
ড. সিএস করিম, ফাইল ছবি
ড. ওয়াজেদ তার সহকর্মীদের কার কাছ থেকে কী পেতে পারেন তা সঠিকভাবেই জানতেন এবং তাদের জন্য সে অনুযায়ীই পদক্ষেপ নিতেন। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া সামান্য বিচ্যুতির জন্য মাশুল গুণতে হতো। তিনি ঠিক এক কি দু’বার শুধু তার দিকে তাকাতেন। আমার ভালো মনে নেই বিষয়টা তবে একবার আমি সম্ভবত একটি কাজ করতে বেশি সময় নিয়ে ফেলেছিলাম কিংবা কাজটা তার ঠিক পছন্দ হয়নি। কিছু একটা হবে। তার সেই বিখ্যাত তাকিয়ে থাকা এতটাই ভীতিকর ছিল যে তার হাত থেকে বাঁচতে আমি পালিয়ে বেড়াচ্ছিলাম। আমি আমার খুবই ভাল এবং সহৃদয় এক বন্ধুকে দিয়ে তার কাছে ফাইলটি পাঠিয়েছিলাম। কিন্তু পালিয়ে থাকা গেল না। কেননা হৃদরোগের কারণে তিনি হাসপাতালে ভর্তি হলেন এবং আমি তাকে দেখতে গেলাম। হাসপাতাল কক্ষ থেকে বেশিরভাগ দর্শনার্থীকে বের করে দিয়ে তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, “সি.এস. করিম (তিনি আমাকে এভাবেই ডাকতেন) তুমি কতক্ষণ পালিয়ে বেড়াবা। এই ফাইলগুলো নাও, আমি এরমধ্যেই ওগুলো সাইন করে রেখেছি।” তার ডেস্কে গেলে কোনো কিছু স্বাক্ষর করতে বড়জোর এক থেকে দু’দিন সময় নিতেন তিনি। বেশিরভাগ সময়ই সেসব ফিরে আসতো এক কি দুইটি মন্তব্যসহ যা দেখে এর গ্রহীতাকে এটা ভেবে পস্তাতে হতো যে আমি কীভাবে এমন একটা ভুল করলাম।
ড. ওয়াজেদ মনে করতেন সমাজে বিজ্ঞানীদের যথাযথ অবস্থান নিশ্চিত করতে হলে বিজ্ঞানীদের আগে নিজেদের কাজ করে যেতে হবে তারপরই কেবল জনগণের কাছ থেকে প্রত্যাশা করা যেতে পারে। গবেষণা ও উন্নয়ন (আর এন্ড ডি) প্রকল্পগুলো জাতীয় চাহিদা ও অগ্রাধিকারের বিবেচনায় গ্রহণ করার ওপর জোর দিতেন তিনি এবং বলতেন একজন বিজ্ঞানীকেই খুঁজে বের করতে হবে কোথায় তার সক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তিনি বিভিন্ন পেশাজীবী সংঘ ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেখানে তার অন্যতম প্রধান কাজ ছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এ ব্যাপারে সচেতন করা। সম্ভবত এভাবে যা অর্জন করা গিয়েছিল তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। বাকী কাজ অবশ্যই এগিয়ে নিতে হবে। এবং সে দায়িত্ব বিজ্ঞানীদের কাঁধেই বর্তায়।
আমার এমন কোনো দৃষ্টান্ত জানা নেই যাতে এ দেশে কোনো বিজ্ঞানীকে সন্মান জানানো হয়েছে এমনকী ছোটো করে হলেও। ড. কুদরত-ই-খুদার নামে একটি সড়কের নামকরণই এর একমাত্র ব্যতিক্রম। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যও কি আমরা কিছু একটা করতে পারি না? আমরা কি এমন কিছু করতে পারি না যাতে এই বিশিষ্ট বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে?
শনিবার, ৯ মে ২০০৯ একজন স্বপ্নবান বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজেদ মিয়ার জীবন ও দৈনন্দিনতার অবসান হল। বিরল গুণাবলীসম্পন্ন, প্রতিশ্র“তিবদ্ধ এবং বহুমাত্রিক একজন বিজ্ঞানী চলে গেলেন। নিঃসন্দেহে আমরা শোকাহত। কিন্তু একইসঙ্গে এটা তার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার করারও সময়। আলোকবর্তিকা এখন নতুন প্রজন্মের বিজ্ঞানীদের হাতে, ওই একই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। অফুরান প্রাণশক্তি নিয়ে পূর্বসূরীরা একদিন যা শুরু করেছিলেন সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে পথ চলার জন্য।
