২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বার্ড ফ্লু: আড়াই হাজার মুরগি নিধন

কক্সবাজার শহরের একটি খামারের মুরগিতে রোববার বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। পাহাড়তলী এলাকায় 'আল আকবর পোল্ট্রি ফার্ম'-এ বার্ড ফ্লু ধরা পড়ার পর রোববার রাতেই এ খামারের আড়াই হাজার মুরগি নিধন করেছে জেলা পশু সম্পদ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

কক্সবাজার, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরের একটি খামারের মুরগিতে রোববার বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। পাহাড়তলী এলাকায় 'আল আকবর পোল্ট্রি ফার্ম'-এ বার্ড ফ্লু ধরা পড়ার পর রোববার রাতেই এ খামারের আড়াই হাজার মুরগি নিধন করেছে জেলা পশু সম্পদ অধিদপ্তর। পোল্ট্রি ফার্মটির মালিক রাশেদা বেগমের ছেলে আকবর কাদের জানান, প্রায় ৪ মাস আগে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার কাজী ফার্ম থেকে একদিন বয়সী ৩ হাজার বাচ্চা কিনে খামারে তোলা হয়। এক সপ্তাহ আগে হঠাৎ খামারের মুরগি মরতে শুরু করে। গত সাত দিনে ১৬ সপ্তাহ বয়সী ৫ শ'র বেশি মুরগি মারা যায়। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত মারা যায় ৭৫টি। এরপর বিষয়টি জেলা পশু সম্পদ অধিদপ্তরে জানানো হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বলে আকবর কাদের জানান। জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকের উল্লাহ বলেন, "শনিবার তারা খামারটির মুরগির আলামত সংগ্রহ করে ফেনীর আঞ্চলিক পশু গবেষণা কেন্দ্রে পাঠান। রোববার দুপুরে ওই নমুনায় বার্ড ফ্লু'র জীবাণু পাওয়ার বিষয়টি টেলিফোনে নিশ্চিত করা হয়।" জেলা পশু হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. রূপেন চাকমা জানান, টেলিফোনে বার্ড ফ্লু'র বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই খামারে লাল ব্যানার দিয়ে সবাইকে সতর্ক করা হয়। রাত ৯টার পর খামারের প্রায় আড়াই হাজার মুরগি নিধন করে মাটিতে পুঁতে রাখা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.