২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার ও সিলেটে ঝড়ে তিনজন নিহত, দু'শ ঘর-বাড়ি বিধ্বস্ত

কালবৈশাখী ঝড়ে শনিবার রাতে মৌলভীবাজার ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ঘর চাপা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা এবং সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজন, বিশ্বনাথ উপজেলায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড়ে শনিবার রাতে মৌলভীবাজার ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ঘর চাপা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা এবং সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজন, বিশ্বনাথ উপজেলায় গাছ চাপায় একজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, বহু গাছপালা ভেঙ্গে ও উপড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- মৌলভীবাজার: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৯টি ইউনিয়নের দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত, বহু গাছপালা ঝড়ে ভেঙ্গে ও উপড়ে গেছে। ঘর চাপা পড়ে মারা গেছেন অজ্ঞাতনামা এক বৃদ্ধা। এছাড়া বিভিন্ন গ্রামে আহত হয়েছেন অন্তত ৩০ জন। গাছপালা পড়ে বিভিন্ন গ্রামের সড়ক যোগাযোগ ব্যাহত হয়। রোববার দুপুরের আগে সড়ক থেকে গাছপালা অপসারণ করা হয়। কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফায়াত মাহবুব চৌধুরী জানান, রাত ১২টার দিকে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা, গোবিন্দবাটি, কাটাজুরি, টেংরা ইউনিয়নের আদিনাবাদ, টগরপুর, ভাংগার হাট, আকুরা, সৈয়দনগর ও তারাপাশা গ্রাম, ফতেপুর ইউনিয়নের ইসলামপুর, কাশিমপুর, সোনাপুর ও মোজাফফরপুর এবং কামারচাক, রাজনগর সদর, পাঁচগাও ইউনিয়নের ৭/৮টি গ্রামের শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়। ভেঙ্গে পড়েছে বহু গাছপালা। ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জামি আহমদ জানান, ঝড়ের সময় চুলার আগুন থেকে সোনাটিকি গ্রামের আনসার মিয়ার কাঁচা ঘর পুড়ে যায়। ঝড়ে ফতেপুর ইউনিয়নে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকাম্মেল হক বলেন, "উপজেলার কামালপুর, মনুমুখ ও আখাইলকুরা ইউনিয়নের ১৫/১৬টি গ্রামের শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হয়নি।" আখাইলকুরা ইউনিয়নের চেয়ারম্যান শামিম আহমদ জানান, ঝড়ের সময় আখাইলকুরা গ্রামে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা মা মারা গেছেন। তবে তার নাম জানাতে পারেননি তিনি। সিলেট: দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলায় ঝড়ের সময় দু'জন নিহত হয়েছেন। বিধ্বস্ত ঘর ও গাাছের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। সিলেট নগরীরসহ বিভিন্ন উপজেলায় ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় ঝড়ের পর থেকে নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে রোববার দুপুরে মেরামতের পর কিছু এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় নগরীতে পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, "ঝড়ের সময় নিজ ঘরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দক্ষিণ সুরমা উপজেলার চর মোহাম্মদপুর গ্রামের মোশাহিদ আলীর ছেলে খালেদ আহমদের (২০) মৃত্যু হয়েছে।" তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে পাকা ধানের ক্ষতি হয়েছে। শহরতলীর সালুটিকর বাজারে ঢেউটিন নির্মিত ১৫টি দোকান ঝড়ের আঘাতে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া শহরতলীর শিবেরবাজার, কোম্পানীগঞ্জের ইছাকলস, আমবাড়ী, পোটামারাসহ বিভিন্ন এলাকায় ঝড়ের ফলে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা ভেঙে পড়ে। ঝড়ে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টিনশেড স্থাপনা ও ঘরের চালা উড়ে গেছে। বস্তি এলাকাগুলোতে ক্ষতি হয়েছে বেশি। প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে নগরীর চৌহাট্টা, মিরবক্সটোলা, বারুদখানা, কাজীটোলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এদিকে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা ফাহমিন জানান, কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বড় ধরনের তেমন কোনো ক্ষতি হয়নি। একজনের মৃত্যুর খবরও তাকে জানানো হয়নি বলে জানান। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুদ্দিন জানান, ঝড়ের সময় গাছ চাপায় বিশ্বনাথ উপজেলার কালিজুরি গ্রামের সমীরণ দে'র মেয়ে মিতা রাণী দে (২৭) মারা গেছেন। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টা ২৫ মিনিটে মাত্র দুই মিনিট স্থায়ী ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ থেকে ১২৪ কিলোমিটার। সঙ্গে ছিল প্রচণ্ড বৃষ্টিপাত।" মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মওসুমে এটি বড় ধরনের দ্বিতীয় দফা কালবৈশাখী ঝড় বলেও জানান তিনি। এ ছাড়া জেলার বিশ্বনাথ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১১ ঘ.