২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার এয়ারবাস দুর্নীতি মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ মঞ্জুর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এয়ারবাস ক্রয় দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল দায়েরের অনুমতি) করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়েরে সরকারের ১ হাজার ৬শ' ৫৫দিন বিলম্ব মার্জনা করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এয়ারবাস ক্রয় দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল দায়েরের অনুমতি) করেছে সুপ্রিম কোর্ট । পাশাপাশি আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়েরে সরকারের ১ হাজার ৬শ' ৫৫দিন বিলম্ব মার্জনা করে দিয়েছে। রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সরকারের লিভ টু আপিল ও আপিলে বিলম্ব মার্জনার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। হাইকোর্ট ২০০৩ সালের ১০ সেপ্টেম্বর খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি বাতিল করে দেয়। এর বিরুদ্ধে ২০০৮ সালের ২৩ মার্চ সরকার লিভ টু আপিল দায়ের করে। ১৯৯৮ সালের ৩০ আগস্ট বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় এয়ারবাস ক্রয় দুর্নীতি মামলা দায়ের করে। মামলায় দুটি এয়ারবাস কেনায় ১৪০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়। সরকারের দায়ের করা লিভ টু আপিল ও বিলম্ব মার্জনার আবেদনের ওপর শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম আবদুল মুবিন। তিনি শুনানিতে বলেন, জোট সরকারের আমলে মামলাটি বাতিল হওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়নি। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন টিএইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। তারা শুনানিতে বলেন, মামলাটি বাতিল করে হাইকোর্ট সঠিক রায় দিয়েছিল। আপিল দায়েরে বিলম্বের সঠিক ব্যাখ্যা সরকার দিতে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১১৫ঘ.