ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড. ওয়াজেদ মিয়া শুধু মেধাবীই ছিলেন না, ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিকও। ষাটের দশকে বিভিন্ন আন্দোলনে ওয়াজেদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকা ছিল বলে তার শিক্ষক ড. অজয় রায় জানান।
পরমাণু বিজ্ঞানী প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়ার মৃত্যু খবর শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অজয় রায় শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াজেদ খুব ভাল ছাত্র ছিলেন। ১৯৬২ কিংবা ১৯৬৩ সালে আমার শিক্ষকতা জীবনের প্রথম দিকের ছাত্র ছিলেন তিনি।"
ওয়াজেদ মিয়া পদার্থ বিজ্ঞানে ভাল ফলাফল করেন বলে জানিয়ে তিনি বলেন, অনার্স ও মাস্টার্স, দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণী পান তিনি।
অজয় রায় বলেন, পড়াশোনা শেষে আনবিক শক্তি কমিশনে জুনিয়র বিজ্ঞানী হিসেবে কাজে যোগ দেন ওয়াজেদ। এরপর বৃত্তি নিয়ে লন্ডনে চলে যান।
সেখান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আবারও তিনি আনবিক শক্তি কমিশনে যোগ দেন বলে অজয় রায় জানান।
ওয়াজেদ মিয়ার দেশপ্রেমের কথা বলতে গিয়ে অজয় রায় বলেন, ষাটের দশকে গণ আন্দোলনে বিজ্ঞানীদের পক্ষ থেকে তিনিও তাতে যোগ দেন।
ওয়াজেদ মিয়া শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/টিআর/২৩১৭ ঘ.
bdnews24