২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরের পপুলার জুটমিল পুনরায় চালুর দাবিতে মহাসড়ক অবরোধ

জামালপুরের সরিষাবাড়ি পপুলার জুটমিল পুনরায় চালুর দাবিতে শনিবার শ্রমিকরা একঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সরিষাবাড়ি-ঢাকা ও সরিষাবাড়ি-জামালপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

জামালপুর, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়ি পপুলার জুটমিল পুনরায় চালুর দাবিতে শনিবার শ্রমিকরা একঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন। এর ফলে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সরিষাবাড়ি-ঢাকা ও সরিষাবাড়ি-জামালপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। মিলটির শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সভাপতি আলফাজ উদ্দিন আহাম্মেদ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই কর্তৃপক্ষ গত ২১ এপ্রিল থেকে সরিষাবাড়ী পপুলার জুটমিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ফলে মিলের ৭ শতাধিক নারীপুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েন। পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। মিলটি পুনরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করা হয় জানিয়ে তারা বলেন, পুলিশ ও কর্তৃপক্ষের আলোচনায় ৪৮ ঘণ্টার মধ্যে মিল চালুর আশ্বাস দেয় কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ মিল চালু না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পপুলার জুটমিল চালু করার দাবিতে শনিবার বেলা ১১টা থেকে একঘণ্টা সরিষাবাড়ি থেকে ঢাকা ও জামালপুর অভিমুখী দু'টি সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ ও কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে ৪৮ ঘণ্টার মধ্যে মিল চালুর আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। সরিষাবাড়ি পপুলার জুট মিলের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, শ্রমিকদের আন্দোলনের কথা তিনি শুনেছেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কি আলোচনা হয়েছে সেটি তার জানা নেই। ১৯৮৪ সালে পাটকলটি প্রতিষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.