ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৮তম জন্মবার্ষিকীতে শুক্রবার কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসরসহ বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছে দুদিনব্যাপী কর্মসূচি। পতিসরে আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির পাঠানো সংবাদ-
কুষ্টিয়া: সকাল ১০টায় কুঠিবাড়িতে রবীন্দ্রজয়ন্তীর দু'দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আলোচনা সভায় অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহ. জমির উদ্দিন এবং খোকসা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাস।
এরপর উপজেলা শিল্পকলা একাডেমী ও শীলন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।
এর আগে জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট এম. এম. মাহফুজুল হক নুরুজ্জামান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা সভাপতি ম. মনিরুজ্জামান, বাংলা লিংক খুলনা অঞ্চলের বাণিজ্যিক প্রধান বাবুল হক প্রমুখ।
দুপুরের পর শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় কলতান, শিলাইদহ রবীন্দ্র সংসদ, হিসনা, উদীচী শিল্পী গোষ্ঠী, হিন্দোল ও পান্টি সংগীত একাডেমির শিল্পীরা।
দু'দিনের এ অনুষ্ঠানকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে বসা গ্রামীণ মেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছে। শনিবারের অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান।
নওগাঁ: বিশ্বকবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের পতিসরে শুক্রবার পাঁচদিনব্যাপী রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানমালার আয়োজক জেলা ও আত্রাই উপজেলা প্রশাসন।
বিকেলে পতিসরের দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
নওগাঁ জেলা প্রশাসক আহসান হাবিব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাংসদ রাশেদ খান মেনন, ইস্রফিল আলম ও শাহীন মনোয়ারা হক।
এ ছাড়া রবীন্দ্রনাথের ওপর আলোচনা করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক গোলাম কবির ও মো. নুরুল হুদা।
আব্দুল জলিল বলেন, এক সময় রানীনগর ও আত্রাই ছিল রক্তাক্ত জনপদ। বিশ্বকবির আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষার প্রসারের মধ্য দিয়ে এ জনপদকে শান্তির জনপদে পরিণত করতে হবে।
পতিসরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আলোচনা অনুষ্ঠানের পর হয় সাংস্কৃতি অনুষ্ঠান।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে রবীন্দ্র মেলা ও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুলনা: খুলনা নগরীর শহীদ হাসিদ পার্কে সকালে দু'দিনব্যাপী রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখা।
অনুষ্ঠানের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিকী বলেন, "রবীন্দ্রনাথ আমাদের আদর্শ। বিশ্ব মানবতার প্রতীক। তিনি সকল প্রকার কূপমুণ্ডুকতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।"
রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখা সভাপতি ময়ীনউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিল্পী সোহরাব হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. পূর্ণেন্দু গাইন, অধ্যাপক সাধন ঘোষ, অধ্যাপক অচিন্ত কুমার ভৌমিক, অধ্যাপক শেখ সাদী ভূঁইয়া, রেহানা আকতার, আতিউর রহমান বাচ্চু প্রমুখ।
দু'দিনে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, নৃত্য, রবীন্দ্র নাটক, গীতিনাট্য, রসীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একডেমীর মহাপরিচালক কামাল লোহানী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24