দিনাজপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৫০ মেগাওয়াট ক্ষমতার দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের মধ্যে একটি যান্ত্রিক ত্র"টির কারণে ১৭ দিন ধরে বন্ধ রয়েছে। বাকি ইউনিটেও যান্ত্রিক ত্র"টির কারণে উৎপাদন কমে ৬৫ থেকে ৭০ মেগাওয়াটে নেমে এসছে। যে কোন সময় এ ইউনিটটিও বন্ধ হয়ে যেতে পারে। জানাচ্ছেন মোর্শেদুর রহমান।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটির কনডেন্সার টিউব লিকেজের কারণে চলতি বছর ১৬ মার্চ এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ২৩ মার্চ তা আবার চালু করা হয়। ২১ এপ্রিল দুটি 'আইডি ফ্যান' বিকল হয়ে যাওয়ায় ইউনিটটির উৎপাদন আবার বন্ধ হয়ে যায়। এটি চালু করতে বিশেষজ্ঞরা চেষ্টা করছেন।
ইউনিটটির ত্র"টি মেরামতের দায়িত্বে নিয়োজিত বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এস এম আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুমাস অন্তর একটি ইউনিটকে সার্ভিসিংয়ের জন্য শ্যাড ডাউন দিতে হয়। একটানা চলার কারণেই ২ নম্বর ইউনিটের দুটি আইডি ফ্যান বিকল হয়ে যায়।"
তিনি আরও জানান, ইউনিটটি কবে চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
একই উৎপাদন (১২৫ মেগাওয়াট) ক্ষমতার ১ নম্বর ইউনিটটি ১ জানুয়ারি থেকে একটানা চলছে। ইউনিটটির একটি 'আইডি ফ্যান' বিকল হয়ে গেছে। এ কারণে উৎপাদন কমে এসেছে ৬৫ থেকে ৭০ মেগাওয়াটে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এক নাগাড়ে চারমাস চলার কারণে ১ নম্বর ইউনিটটিও যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
শিগগিরই 'শ্যাড ডাউন' দিতে না পারলে বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হালদার বলেন, "বন্ধ ইউনিটটি চালুর ব্যাপারে বিশেষজ্ঞরা চেষ্টা করছেন। আশা করি দু'একদিনের মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবো।"
বিশেষজ্ঞরা ব্যর্থ হলে বন্ধ ইউনিটটি চালু করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৪ ঘ.
bdnews24