চাঁদপুর, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের হাইমচর উপজেলার নিউচর এলাকায় বৃহস্পতিবার সকালে ভূমিহীনদের বাড়িতে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১৫টি বসতঘর পড়ে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ভূমিহীন ও প্রভাবশালী একটি মহলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ভূমিহীনদের দাবি তাদের দখলে থাকা জমি খাস জমি। অন্যদিকে প্রভাবশালী মহলটির দাবি ওই জমির মালিক তারা।
ওসি জানান, এর জের ধরে প্রভাবশালীরা এ ঘটনা ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন। তবে পুলিশ এ ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি।
তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি ঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত রাশিদা বেগম, জনা ভানু, খোদেজা বেগম জানান, দুস্কৃতকারীরা তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কী কারণে ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছু বলতে পারেননি।
ক্ষতিগ্রস্তদের মধ্যে আরও আছেন- রাজ্জাক বেপারী, ওসমান কাজী, আবুল কালাম বারাত, আবুল কালাম মাল।
জমির মালিক দাবিকারী ইয়াসিন রতন, শাহাদাত ছৈয়াল ও জালাল চোকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমিহীন পরিবারগুলো ষড়যন্ত্র করে নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে থাকতে পারে। বিপক্ষের লোকজনকে মামলায় ফাঁসাতেই ভূমিহীনরা এ ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24