ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেষণে কর্মরত একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আনসার ও ভিডিপি অধিদপ্তরের প্রধান হিসেবে কিছুদিন দায়িত্ব পালন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকার পর মেজর জেনারেল আব্দুল হাফিজকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
৪র্থ এসএসসির এ সেনা কর্মকর্তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এটিসহ প্রেষণে কর্মরত কয়েকজন সেনা কর্মকর্তার পদে এসব রদবদল করা হয়।
আগের পদে ফেরত পাঠানোর জন্য মেজর জেনারেল আব্দুল হাফিজের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুন নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মেজর জেনারেল আব্দুল হাফিজ কুমিল্লার জিওসি থাকাকালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। পরে তাকে আনসার ও ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়।
সেনা কল্যাণ সংস্থার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে প্রেষণে নিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল হামীদ আল হাসানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা কর্নেল আশফাকুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ার উপদেষ্টা কর্নেল আবদুল কাদিরকে ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা মেজর জামিল হোসেন মুন্সী। এর আগে ওই পদে সেনা কর্মকর্তা মেজর আবু আরিফ মনওয়ারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তার ওই পদে নিয়োগের আদেশটি বাতিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৪৯ঘ.
bdnews24