চাঁপাইনবাবগঞ্জ, মে ০৭ (বিডিনিউজ) - মুক্তিযুদ্ধের সময় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, চাঁদাবাজি, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে বৃহস্পতিবার চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন হাটবাকইল গ্রামের মো. মজিবুল হক (৫৫)।
হাকিম মো. মাঈনুদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- হাটবাকইল গ্রামের মো. মফিজুদ্দিন (৬২), তার ভাই রিয়াজুদ্দিন (৫৫), আব্দুল মান্নান (৫৪) এবং উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিন (৬০)। এদের মধ্যে মফিজুদ্দিন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী শান্তি কমিটির সভাপতি এবং বাকিরা রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী মজিবুল হকের আইনজীবী মিজানুর রহমান জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মজিবদের বাড়িতে আসামিরা হানা দেয়। তারা মজিবের মা হামিদা বেগমের কাছে ৫০ হাজার টাকা চায়। টাকা না দিলে স্বামী মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদসহ তার সন্তানদের গুলি করে হত্যার হুমকি দেয়।
আইনজীবী জানান, ওই সময় আসামিরা আলমারী ভেঙে মজিবদের নয় ভরি স্বর্ণালংকার ও মূল্যবান দলিলপত্র নিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24