ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ো হাওয়ায় বুধবার রাতে বিলবোর্ড ভেঙে পড়ে রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার আশকোনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আকাশ (২০) আশকোনা রেলগেট এলাকায় ফোন-ফ্যাক্সের ব্যবসা করতেন।
এই ঘটনায় আহত সুজন (১৭) নামে এক ছিন্নমূল ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশের পাশের দোকান মালিক শরীফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টার দিকে বৃষ্টি ও দমকা বাতাসে একটি মোবাইল ফোন কোম্পানির একটি বড় বিলবোর্ড আকাশের দোকানের উপর ভেঙে পড়ে। ওই সময় দোকানে থাকা আকাশ আহত হলে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশকোনা মুক্তিযোদ্ধা রেলগেটে বিলবোর্ড পড়ে দু'জন আহত হয়েছে বলে আমরা শুনেছি। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/ডিডি/০২০৫ ঘ.
bdnews24