সিলেট, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় তিনজন।
এর প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় দেড়ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। তারা কয়েকটি মিনিবাস ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেট থেকে গোলাপগঞ্জ যাওয়ার সময় একটি অটোরিক্সা (সিলেট থ ১২-৫১৫২) ও জকিগঞ্জ থেকে সিলেট আসার সময় যাত্রীবাহী একটি মিনিবাসের (সিলেট-জ-১১-০৫৮১) মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।"
হাসপাতালে নেওয়ার পথে আরো এক যাত্রী মারা যায় বলে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত মিনিবাস ও অটোরিক্সাটি আটক করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহতরা হলো অটোরিক্সা চালক গোলাপগঞ্জ উপজেলার নিমাধল গ্রামের মজির উদ্দিনের পুত্র মুরাদ আহমদ (২৫), অটোরিক্সা যাত্রী দক্ষিণ সুরমার শ্রীরামপুর গ্রামের হিরন মিয়ার কন্যা শাম্মী আক্তার (১৮) ও একই গ্রামের স্বপ্না বেগম (৪৩)।
তাদের মধ্যে মুরাদ আহমদ ও শাম্মী বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান স্বপ্না বেগম।
আহতরা হলো নিহত স্বপ্না বেগমের মেয়ে রুবী বেগম, একই গ্রামের শহীদ আহমদ এবং শাহীন আহমদ।
পুলিশ কর্মকর্তা জানান, তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৪২ ঘ.
bdnews24