বাগেরহাট, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে বাগেরহাটের একটি আদালতে।
গত ৩ থেকে ৫ মে পর্যন্ত, এ তিনদিনে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে এ মামলাগুলো দায়ের করা হয়।
মামলার এজাহারে ৪৫ 'রাজাকার'-এর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও চল্লিশ থেকে ষাট জনকে আসামি করা হয়।
আদালত মামলাগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৫ মে) কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সদস্য সচিব মো. শুকুর আলী শেখ তার ছয় সহযোদ্ধাকে হত্যার অভিযোগে আট রাজাকারের বিরুদ্ধে একটি মামলা করেন।
আসামিরা হলেন কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের গণি সরদার (৬২), আব্দুল গণি শিকদার (৬৫), হাজরাখালী গ্রামের হাশেম আলী শেখ (৫৯), ফুলতলা গ্রামের আশরাফ উদ্দিন শেখ (৭৫), আদেল উদ্দিন ডিহিদার (৭০), মঘিয়া গ্রামের মোতালেব শেখ মতু (৫৫) ও লাল হালদার (৫৭) এবং রাঢ়িপাড়া গ্রামের আব্দুল লতিফ তালুকদার (৬০)।
এজাহারে বলা হয়, আসামিরা ১৯৭১ সালের ২২ নভেম্বর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র মণ্ডল, বাবু খাঁ, নজরুল ইসলাম, মনিন্দ্রনাথ সাহা ও হাশেম আলী শেখকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে কচুয়া উপজেলা পরিষদের সামনে গুলি করে হত্যা করে। ওই আসামিরাই ১১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সুলতান সরদারকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে মঘিয়া কালিবাড়ির সামনে গুলি করে হত্যা করে।
সোমবার (৪ মে) মোরেলগঞ্জ উপজেলার চন্দনতলা গ্রামের মুক্তিযোদ্ধা সুলতান আলী বাদী হয়ে ১০ কথিত রাজাকারের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও ১০/১৫ জনের বিরুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করেন।
আসামিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার চন্দনতলা গ্রামের দুই ভাই মোজাম্মেল মোল্লা (৬২) ও দেলোয়ার মোল্লা (৬৫), এনাজ উদ্দিন হাওলাদার (৭৫), ভাইজোড়া গ্রামের মোসলেম ফরাজী ওরফে মোসলেম জল্লাদ (৭০), আব্দুর রব মৃধা (৬২), মোস্তফা মৃধা (৬০), জিউধরা গ্রামের আব্দুল আজিজ মৃধা (৭০), কালাচানের দাইড় গ্রামের হাছেন আলী সরদার (৬০), ডেউয়াতলা গ্রামের লুৎফর রহমান ওরফে লাল মিঞা (৬৫) এবং ঠাকুরাইনতলা গ্রামের মজিদ শেখ (৬৭)।
এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৮ অক্টোবর আসামিরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ছাত্তার তালুকদারকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে জবাই ও গুলি করে হত্যা করে। ২৯ অক্টোবর অপর আওয়ামী লীগ নেতা সেকেন্দার তালুকদারকে স্থানীয় মাদ্রাসা বাজারে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।
সোমবার মোরেলগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শান্তি বেগম তার বাবা ও ভাইসহ তিন ব্যক্তিকে হত্যা, অগ্নিসংযোগ ও লুঠপাটের অভিযোগে কথিত আট 'রাজাকার'র বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
এতে আট 'রাজাকার'র নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও দশ পনের জনকে আসামি করা হয়।
আসমিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের তিন ভাই মো. সাত্তার হাওলাদার (৭২), সুলতান হাওলাদার (৬৫) ও মো. সোবহান হাওলাদার (৬০), একই গ্রামের সোরাফ হোসেন (৬২), সুতালড়ি গ্রামের সাত্তার খাঁ (৭২) ও মজু খাঁ (৭২), ভাইজোড়া গ্রামের মোসলেম জল্লাদ (৭০), চন্দনতলা গ্রামের মোজাম্মেল মোল্লা (৬২)।
এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর বাদীর বাবা গয়েজ উদ্দিন, ভাই ওয়ারেস আলী এবং তাদের এক আত্মীয় অহেছ মুসাল্লী, এই তিন মুক্তিযোদ্ধা গোপনে বাড়িতে দেখা করতে এলে আসামিরা তাদের ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার পর লাশ গুম করে।
আগের দিন রোববার (৩ মে) একই আদালতে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও বিশ-ত্রিশ 'রাজাকার'র বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
একটি মামলা করেন মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের বাদশা হাওলাদার এবং অন্যটি করেন একই উপজেলার চন্দনতলা গ্রামের ইউসুফ আলী জজ।
বাদশা হাওলাদারে মামলায় আসামিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাটা গ্রামের মনছুর আলী খাঁ (৬৫), মোজাম খাঁ (৬৩), আলো খাঁ (৬০), আব্দুল হান্নান কাজী (৬০), মো. মোছলেম খাঁ (৭২), চান্দে আলী মৃধা (৬৫), নুরুল ইসলাম জমদ্দার (৬০), মো. আব্দুল জলিল মুন্সি (৫৮), মো. ছরোয়ার মুন্সি (৫৮), কালাচান্দের দাইর গ্রামের লুৎফুর রহমান হাওলাদার (লাল মিয়া) (৬০), মাওলানা মো. আব্দুল গনি শেখ (৫৮), দেউয়াতলা গ্রামের হাসান আলী সরদার, ভাইজোড়া গ্রামের মোসলেম উদ্দিন ফরাজী ওরফে জল্লাদ (৬০)।
বাদশা তার এজাহারে বলেন, তার ভাই হেমায়েত হাওলাদার মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়ায় আসামিরা ১৯৭১ সালের ৬ অক্টোবর বাদীর বসতবাড়ি ঘেরাও করে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
ইউসুফ আলীর মামলায় আসামিরা হলেন চন্দনতলা দেলোয়ার মোল্লা (৬৫), মোজাম্মেল মোল্লা (৬৩), আবু হোসেন মোল্লা (৬০), ভায়জোড়া গ্রামের মোসলেম জল্লাদ (৭০), জিউধরা গ্রামের আব্দুল আজিজ মৃধা (৭০), আব্দুর রব মৃধা (৭৫)।
ইউসুফ আলী এজাহারে বলেন, তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় আসামিরা ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর বাদীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও আদালতের কোনো কাগজ থানায় পৌঁছেনি। এলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২০৪২ ঘ.
bdnews24