২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য এলাকার নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল জারি

পার্বত্য আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট। রাঙামাটি জেলার অধিবাসী ও পার্বত্য ছাত্র সংসদের সভাপতি মো. কামাল হোসেনের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া ১৯৯৮ সালে আঞ্চলিক পরিষদ গঠন এবং ১৯৮৯ সালে পরিষদের প্রথম নির্বাচনের পর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান না করাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তাও জানাতে বলেছে আদালত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটটির পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন আগেই এর নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। অথচ এই বিধান থাকা সত্ত্বেও ১৯৯৮ সালে প্রথম আঞ্চলিক পরিষদ গঠনের পর থেকে আজ পর্যন্ত ওই পরিষদের কোন নির্বাচন হয়নি। একইভাবে ১৯৮৯ সালের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী পার্বত্য জেলা পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও ১৯৮৯ সালে প্রথম ও একমাত্র নির্বাচন অনুষ্ঠানের পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। তাজুল অভিযোগ করেন, সরকার বিভিন্ন সময়ে তার নিজের 'পছন্দের লোকদের' দিয়ে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শাসন পরিচালনা করে আসছে। দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকার কারণে পার্বত্য এলাকার জনগণ তাদের ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। নির্বাচিত পরিষদে সব উপজাতি ও গোত্রের প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকলেও অন্তবর্তীকালীন পরিষদে সব উপজাতি ও জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের কোনো সুযোগ না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এতে ওই এলাকার জনগণের মৌলিক অধিকার লংঘিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯৫৩ঘ.