ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৃথক দু'টি প্রতারণার মামলায় যুবক হাউজিং ও রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনকে সাত দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।
ধানমন্ডি থানা পুলিশ মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলায় ৭দিন করে মোট ১৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন করে।
মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের একটি মামলায় দু'দিন ও অন্য মামলায় পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মঙ্গলবার দুপুরের পর মো. লোকমান হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় যুবকের অনেক কর্মকর্তা ও কর্মচারী আদালত প্রাঙ্গনে সমবেত হন। তারা লোকমানের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। যুবকের পক্ষের লোকজন একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভেঙে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
প্রথমে ধানমন্ডি থানায় গত ২২ মার্চ মীরপুর এলাকার আশরাফ হোসেনের দায়ের করা মামলায় অভিযুক্তকে সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন জানান উপ পরিদর্শক জাহিদুল ইসলাম।
হাকিম অভিযুক্তকে দু'দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার এজাহারে বলা হয়, বাদীর স্ত্রী মনিরা আক্তার যুবক হাউজিং-এর প্লট পাওয়ার জন্য ২০০৪ সালের ২ আগস্ট থেকে ২০০৬ সালের ১৬ জুন পর্যন্ত অভিযুক্ত ও তার লোকজনের কাছে ৩০ লাখ টাকা জমা দেন। কিন্তু তারা প্লট বুঝিয়ে দেয়নি। বরং বাদীর স্ত্রী গত ১৯ মার্চ টাকা চাইতে গেলে অভিযুক্তের লোকজন তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।
মামলায় যুবক হাউজিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খবির উদ্দিন, যুবকের চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইদ, সমন্বয়কারী আনোয়ারা বেগম, যুবক ফোনের চেয়ারম্যান হোসাইন আল মাসুম ও ফরিদা ইয়াসমিন আফরোজাকে আসামি করা হয়। তারা পলাতক রয়েছেন।
অভিযুক্তের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সুপ্রীম কোর্টের আইনজীবী ড. মো. আবুল কাশেমের দায়ের করা মামলায় উপ-পরিদর্শক আতিকুর রহমান লোকমানকে সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন করলে পাঁচ দিনের অনুমতি দেওয়া হয়।
এ মামলার এজাহারে বলা হয়, বাদী যুবকের হাউজিং প্রকল্পের সদস্য হিসেবে বিভিন্ন সময়ে ওই প্রকল্পে ১৯ লাখ ৬৫ হাজার টাকা জমা রাখেন। কিন্তু অভিযুক্ত তার সহযোগীদের নিয়ে ওই টাকা আত্মসাত করেন।
মামলায় লোকমান ছাড়াও যুবকের তিন কর্মকর্তা মাহমুদা খাতুন, লুৎফুন্নেছা মিনা ও শামীম আহমেদকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/এসকে/২২৫৫ ঘ.
bdnews24