বাগেরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট ও ঢাকায় কর্মরত এবং অবসরে যাওয়া সরকারি কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে মঙ্গলবার নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কশিশন-দুদক।
আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের হিসাব বিবরণী জমা দিতে বলা হয়েছে।
দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ এ নোটিশ পাঠান।
বর্তমান ও সাবেক এ তিন কর্মকর্তা হলেন- বাগেরহাটের মংলা কাস্টমস হাউসের প্রিন্সিপ্যাল এপ্রাইজার মো. হায়দার আলী গাজী, সুন্দরবন পূর্ব বিভাগের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহীদুল্লাহ এবং ঢাকায় কর্মরত পশুসম্পদ অধিদপ্তরের সহকারী স্টোর অফিসার মো. আফছার আলী।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহীদুল্লাহ এ বছর এপ্রিলে অবসরে গেছেন।
আফছার আলীর বাড়ি সাতক্ষীরার চৌবাড়িয়া এলাকায়।
দুদকের উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "এ তিন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের বিধি অনুয়ায়ী সাত কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে নোটিশ দেওয়া হয়েছে।"
তিনি জানান, নোটিশ পাঠানো হয়েছে তিনজনের বাড়ি ও কর্মস্থলের ঠিকানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24