ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় যুবক হাইজিংয়ের চেয়ারম্যান লোকমান হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)
বেসরকারি সংস্থা যুব কর্মসংস্থান সোসাইটির একটি অঙ্গ সংগঠন হলো যুবক হাউজিং এন্ড রিয়েল এষ্টেট ডেভেলপমেন্ট লিমিটেড।
সোমবার রাত দুটায় তাকে ধানমণ্ডির ১২/এ সড়কের ৭৫ নং বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গত মার্চ মাসে আশরাফ হোসেনের দায়ের করা মামলায় লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।"
মামলায় যুবকের চেয়ারম্যানসহ সাতজনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, প্লটের জন্য ৩০ লাখ টাকা প্রদান করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়ায় টাকা ফেরত চাইতে গেলে আসামিরা মারধর করে এবং সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেয়।
লোকমান হোসেনকে গ্রেপ্তার করায় টাকা ফেরতের দাবিতে যুবকের বিপুল সংখ্যক আমানতকারী সকাল থেকে থানার সামনে জড়ো হয়। তারা থানার সামনে বিক্ষোভ করে।
রেহেনা সালাম নামে এক আমানতকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবক মিথ্যা প্রলোভন দিয়ে হাজার হাজার লোকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। সরকার এদের বিচার না করলে ক্ষতিগ্রস্ত গ্রাহকরাই এর বিচার করবে।"
'যুবক প্রতারিত আমানতকারি ফোরাম' এর আহবায়ক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবক ২৬ হাজার গ্রাহকের কয়েক'শ কোটি টাকা আত্মসাৎ করেছে। সাড়ে তিন বছর ধরে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা ফেরত পেতে ঘুরছে কিন্তু কোন লাভ হচ্ছেনা।"
এজন্য তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও কামনা করেন।
ধানমণ্ডি থানায় আটক লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক গ্রাহকই টাকা পাচ্ছেনা এটা সত্য। যারা মামলা করেছেন তারা নিয়ম মেনেই করেছেন। তবে ইতিমধ্যে অনেককে প্লট এবং টাকা ফেরত দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এসএইচ/এলএইচ/জিএনএ/১২৪৯ ঘ.
bdnews24