২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উটের জকি: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে আমিরাত সরকার

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সে দেশে উটের জকি হিসেবে ব্যবহৃত বাংলাদেশের ৮৭৯ জন শিশুর ক্ষতিপূরণ বাবদ প্রায় ১০ কোটি টাকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার সে দেশে উটের জকি হিসেবে ব্যবহৃত বাংলাদেশের ৮৭৯ জন শিশুর ক্ষতিপূরণ বাবদ প্রায় ১০ কোটি টাকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছে। এ জন্য মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রী সাহার খাতুন এবং প্রতিমন্ত্রী তানজিম আহমেদের উপস্থিতিতে ইউএই'র একটি প্রতিনিধি দল একটি চেক হস্তান্তর করে। চেক হস্তান্তর শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে ব্যবহৃত হওয়া ৮৭৯ জন শিশুর জন্য ক্ষতিপূরণ বাবদ ১৪ লাখ ৩৫ হাজার ২০০ মার্কিন ডলার (প্রায় ১০ কোটি টাকা) এর চেক হস্তান্তর করেছে প্রতিনিধি দলটি।" তিনি বলেন, "আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকা এসব ক্ষতিগ্রস্তের কাছে এই টাকা জেলা প্রশাসকের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।" মন্ত্রী জানান, ক্ষতির মাত্রা ভেদে ক্ষতিগ্রস্তদের ১ হাজার থেকে ১০ হাজার ডলার পর্যন্ত দেওয়া হবে। এই অর্থ তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ ভবিষ্যৎ গড়ে দেওয়ার কাজে ব্যবহৃত হবে। তিনি জানান, ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত ২৯টি জেলার অনুর্ধ্ব ১৮ বছর বয়সী ক্ষতিগ্রস্ত ৯০৬ জনের আবেদনপত্র নেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষতিপূরণ পাচ্ছে ৮৭৯ জন। বাকিদের ক্ষতিপূরণ না পাওয়ার কারণ হিসেবে 'তথ্য-প্রমাণের স্বল্পতা, শিশু বয়সসীমা পার হওয়া, ১৯৯৩ সালের আগে ফিরে আসা' ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, সরকারের অনুরোধেই সংযুক্ত আরব আমিরাত ক্ষতিগ্রস্তদের জন্য এই ক্ষতিপূরণ দিয়েছে। অন্যদের মতো আমরাও চাই না এ দেশের আর কোনো শিশু উটের জকি হিসেবে ব্যবহৃত হোক। এ জন্য শিশুপাচার রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইউএই প্রতিনিধি দলে ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আল-মারজকি, আব্দুল্লাহ মোবারাক আল-মাহিরী, লেফটেন্যান্ট আলহাজ মোহাম্মাদ আওয়াদ আল-করিম এবং আবু ওবায়দা নোমান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আব্দুল্লাহ আশহুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার। ইউনিসেফের মধ্যস্থতায় ক্ষতিপূরণের এ প্রক্রিয়া সম্পন্ন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটটক/পিসি/এজে/জিএনএ/১৩১৩ ঘ.