২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজ উদ্ধার

চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া লাইটার জাহাজটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। এটিকে মূল চ্যানেল থেকে টেনে নিয়ে উত্তর তীরের পৌনে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। জাহাজটি সরিয়ে নেওয়ার পর মূল চ্যানেল এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 06:03 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

চট্টগ্রাম, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া লাইটার জাহাজটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। এটিকে মূল চ্যানেল থেকে টেনে নিয়ে উত্তর তীরের পৌনে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। জাহাজটি সরিয়ে নেওয়ার পর মূল চ্যানেল এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত হলো। চ্যানেলের প্রবেশমুখে ডুবে যাওয়া জাহাজটিকে এদিন বিকেলে জোয়ারের সময় বার্জের সাহায্যে ভাসিয়ে মূল চ্যানেলের বাইরে টেনে নেওয়ার কাজ শুরু হয়। জাহাজ উদ্ধারকারী তিন সংস্থা পিএসপি মেরিন সার্ভিসেস, আল মদদ স্যালভেজ অ্যান্ড কোম্পানি এবং জেনুইন এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এ উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকাজে অংশ নেওয়া পিএসপি মেরিন সার্ভিসের মালিক ক্যাপ্টেন হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডুবে যাওয়া জাহাজটির নিচ দিয়ে এবং অন্যান্য অংশে তার বেঁধে ছয়টি উদ্ধারকারী বার্জের সঙ্গে যুক্ত করা হয়। জোয়ারের ফলে ডুবে যাওয়া জাহাজটি কিছুটা ভেসে উঠার পর বিকেল চারটার দিকে টাগবোট দিয়ে একে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। রাত সোয়া দশটার দিকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়। গত ২১ এপ্রিল প্রতিকূল আবহাওয়ার কারণে কর্ণফুলী নদীর মোহনায় বন্দর চ্যানেলের প্রবেশমুখে সেভেন সার্কেল-২৫ নামে সিমেন্ট ক্লিংকারবাহী এ লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১১ জন নাবিক উদ্ধার হলেও মাস্টার মো. নুরুল বাহারের সলিলসমাধি ঘটে। ওই দুর্ঘটনার ফলে বন্দর চ্যানেলে প্রায় তিনদিন জাহাজ চলাচল বন্ধ ছিল। পরে খননের মাধ্যমে চ্যানেলের প্রশস্ততা ও গভীরতা বাড়িয়ে বিকল্প চ্যানেল তৈরির মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়। ঘটনার তিনদিন পর ২৪ এপ্রিল থেকে জাহাজটি চ্যানেল থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে এই তিন সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএনএস/এইচএ/২৩২০ঘ.