২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে ট্যাঙ্ক লরিতে আগুন, আহত ২

মহাখালী বাস স্ট্যান্ডের বিপরীতে মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের অদূরে আমাম এন্টারপ্রাইজ অ্যান্ড সিএনজি স্টেশনে ট্যাঙ্ক লরিতে অগ্নিকান্ডের ঘটনায় লোকমান (৪০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হন মো. শরীফ (২৩) নামে এক মোটর মেকানিক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী বাস স্ট্যান্ডের বিপরীতে মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের অদূরে আমাম এন্টারপ্রাইজ অ্যান্ড সিএনজি স্টেশনে ট্যাঙ্ক লরিতে অগ্নিকান্ডের ঘটনায় লোকমান (৪০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হন মো. শরীফ (২৩) নামে এক মোটর মেকানিক । তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। (আরো তথ্যসহ ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানান, আমান এন্টারপ্রাইজ অ্যান্ড সিএনজি স্টেশনে একটি তেলের ট্যাঙ্ক লরিতে বিকেল পৌনে পাঁচটায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। তারা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় মহাখালী থেকে সাত রাস্তার মোড় পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী পুলিশ বন্ধ করে দেয়। রাজধানীর অন্যতম ব্যস্ত বাসস্ট্যান্ড মহাখালী থেকে সব গুরুত্বপূর্ণ রুটের বাস চলাচল প্রায় দু' ঘন্টা বন্ধ থাকে। এতে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তির শিকার হন। দমকল বাহিনীর ঢাকা বিভাগের উপ-পরিচালক আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অসতর্কতাবশত কারো ফেলে দেওয়া বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তদন্ত না করে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।" সিএনজি স্টেশনের পশ্চিম পাশের আকবর অটোমোবাইলের মালিক মীর আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেল সরবরাহকারী পদ্মা কোম্পানীর একটি ট্যাঙ্ক লরি থেকে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাংকে তেল ঢালার সময় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজেও। এতে সেখানে থাকা চারটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্থ হয়। গ্যারেজের কর্মী বেলাল হোসেন জানান, লরী থেকে রিজার্ভ ট্যাংকে তেল ঢালার সময় হঠাৎ করে আগুন দেখা যায়। তখন 'আগুন', 'আগুন' বলে বেশ কয়েকজন চিৎকার করে ওঠে। পাইপ থেকে গড়িয়ে আগুনসহ তেল ছড়িয়ে পড়ে আকবর গ্যারেজে। এসময় লরীর চালক আমির হোসেন গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে রাস্তা থেকে দৌঁড়ে এসে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি লরিটি চালিয়ে ফিলিং স্টেশনের বাইরে নিয়ে যান। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জোবায়ের হোসেন জানান, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। কিভাবে কী হলো তা এখনো বুঝতে পারছিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেএফ/জিএমএ/এএনএস/এইচএ/২০৩৭ঘ.