২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: লিভ-টু-আপিল করতে উচ্চ আদালতের অনুমতি

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে 'লিভ টু আপিল' দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে 'লিভ টু আপিল' দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বিএনপির মহাসচিব এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। আদেশে বলা হয়, বিষয়টিতে সাংবিধানিক ও জনগুরুত্বের প্রশ্ন জড়িত। তাই আবেদনকারীদের আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 'লিভ টু আপিল' দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিবের কৌঁসুলি টি এইচ খান এ আদেশের পর সাংবাদিকদের বলেন, "আদালত চার সপ্তাহের মধ্যে আমাদের 'লিভ টু আপিল' দায়ের করতে বলেছে। এ সময়ের মধ্যে আমরা আপিল করব। আগামী চার সপ্তাহ পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "বর্তমান সরকার মনে করে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় সঠিক রায়। এ রায়ে গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগ প্রতিফলিত হয়েছিল। এ কারণে গত সরকার যে আপিল করেছিল তা চালানোর প্রয়োজন নেই।" তিনি আরও বলেন, "আগামী চার সপ্তাহের মধ্যে খোন্দকার দেলোয়ার ও অপর আবেদনকারীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে নির্দেশ দিয়েছে আদালত। ওই সময় আপিল প্রত্যাহারের সরকারের আবেদন বিবেচনায় রাখা হবে।" এর আগে রোববার সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহারের আবেদন জানায় সরকার। ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। একইদিন রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। তারপর থেকে রায়ের কার্যকারিতা স্থগিত হয়ে আছে। হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করেন। আদালত অবশ্য ওই সময়ে করা সরকারের জনস্বার্থে করা বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট ওই আলোচিত রায়ের অভিমতে উল্লেখ করে। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০৫১ঘ.