২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতের জাল পরিচয়পত্রের দোকান থেকে তিনজন গ্রেপ্তার

জাল জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২। এদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, সার্টিফিকেট, সিল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর জিয়াউল আহসান জানান, গ্রেপ্তার হওয়া তিনজন বেশ কিছুদিন ধরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট বিক্রি করে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২। এদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, সার্টিফিকেট, সিল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর জিয়াউল আহসান জানান, গ্রেপ্তার হওয়া তিনজন বেশ কিছুদিন ধরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেট বিক্রি করে আসছে। এসব পরিচয়পত্র ভুয়া নামে ব্যাংক হিসাব, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া অপরাধীরা এসব পরিচয়পত্র কিনে মামলা মোকদ্দমায় ব্যবহারসহ বিভিন্ন অপরাধের কাজে ব্যবহার করে। মেজর জিয়াউল আহসান জানান, রবিবার সকালে র‌্যাবের একটি দল ক্রেতা সেজে রাজধানীর নীলক্ষেতের বাকুশাহ মার্কেটের একটি দোকান থেকে দুটি জাতীয় পরিচয়পত্র কেনে। পরে ওই বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আলমগীর হোসেন (৩৮), শফিক বাবু (১৮) ও সৈকত হোসেন সৈকত (২৪)। রবিবার বিকালে র‌্যাবের ধানমন্ডির সাত মসজিদ রোড ক্যাম্পে আটকদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়। আলমগীর হোসেন এসময় ভুয়া পরিচয়পত্র বিক্রির কথা স্বীকার করে বলেন, "খুব পরিচিত লোকজন ছাড়া আর কারও কাছে সাধারণত আমরা বিক্রি করি না। অনেকে ঢাকার বাইরে থেকে এসে এসব পরিচয়পত্র ও সার্টিফিকেট কিনে নিয়ে যায়।" আলমগীর বলেন, ঢাকার বাইরেও অনেকে এই ব্যবসা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৫৮ঘ.