চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম রোববার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ জাহাঙ্গীর বর্তমানে পলাতক। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা এলাকার হারুনুর রশিদেও ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, আসামি জাবেদ ২০০৭ সালে নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকার 'মীম হাউজ' নামের বাড়িতে রিয়া নামে এক মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। ঘর ভাড়া নেওয়ার এক মাসের মাথায় রিয়াকে হত্যা করে পালিয়ে যান তিনি।
আইনজীবী আইয়ুব জানান, এই ঘটনায় ২০০৭ সালের ২ এপ্রিল বাড়ির মালিক শহীদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, একই বছরের ৪ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল এবং ২০০৮ সালের ১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১০৩ঘ.
bdnews24