ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচ্ছন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে একদল শিক্ষার্থী 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যের গায়ে লাগানো পোস্টার ও এর পাদদেশের ময়লা পরিস্কার করেছে।
সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র-ছাত্রীরা এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিভাগের চেয়ারম্যান ড. তৈয়বুর রহমান, সহযোগী অধ্যাপক আবু ইউসুফ ও রওনাক জাহান ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বিভাগের শিক্ষকরা সবাইকে অপরাজেয় বাংলার পবিত্রতা রক্ষা, বেদীমূলে ময়লা-আবর্জনা না ফেলা ও এর গায়ে পোস্টার না লাগানোর অনুরোধ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫০ঘ.
bdnews24