২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

আগামী মাসেই জাতীয় গ্রিড লাইনে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতি ব্যবস্থাপনা বা লোড শেডিংয়ের মাত্রা কিছুটা কমে আসার আশা করছে বিদ্যুৎ মন্ত্রণালয়। রোববার বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসেই জাতীয় গ্রিড লাইনে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতি ব্যবস্থাপনা বা লোড শেডিংয়ের মাত্রা কিছুটা কমে আসার আশা করছে বিদ্যুৎ মন্ত্রণালয়। রোববার বিদ্যুৎ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন। সভায় বিদ্যুৎ খাতে জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ের বিভিন্ন কথিত অনিয়ম খতিয়ে দেখতে একটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জুন মাসে জাতীয় গ্রিড লাইনে আরও ৬৬০ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। বৈঠক শেষে স্থায়ী কমিটির চেয়ারম্যান সুবিদ আলী ভূঁইয়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হলে লোড শেডিংয়ের হার কিছুটা কমে আসবে।" অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলে দেশের দৈনিক বিদ্যুৎ উৎপাদনের হার দাঁড়াবে ৪৫০০ মেগাওয়াট। তবে বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা ৭০০০ মেগাওয়াটের বেশি। অতিরিক্ত ৬৬০ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৩৩০ মেগাওয়াট বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং বাকি ৩৩০ দশমিক ৫ মেগাওয়াট সরকারি কেন্দ্রগুলোতে উৎপাদিত হবে জানা গেছে। এদিকে, বিদ্যুতের চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও পরামর্শ দিয়েছে স্থায়ী কমিটি। বিদ্যুৎ খাতে বর্তমানের ১৫ শতাংশ 'সিস্টেম লস' কমিয়ে আনার ব্যাপারে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলা হয়েছে জানিয়ে সুবিদ আলী ভূঁইয়া বলেন, "বিদ্যুতের চুরি বন্ধে আমরা মন্ত্রণালয়কে বলেছি কর্মকর্তাদের যেন মাঠ পর্যায়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।" কমিটি চেয়ারম্যান জানান, বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিদ্যুৎ খাতের অনিয়ম খতিয়ে দেখতে যে কমিটি গঠন করা হয়েছে তাতে মোহাম্মদ এনামুল হককে প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, সাংসদ ফজলে নূর তাপস ও মুজিবুর রহমান ফকির। এরা সবাই ক্ষমতাসীন দলের সাংসদ। তবে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২০৫ঘ.