২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে আসন পাইনি সেখানে উন্নয়নে বেশি নজর দেব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোথাও কোনো উন্নয়ন কাজ বন্ধ করা হবে না। তিনি বলেন, "আমরা সর্বত্র সুষম উন্নয়ন করতে চাই। যেসব এলাকায় আমরা সাংসদ পাইনি সেসব এলাকার উন্নয়নে বেশি নজর দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

গোপালগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোথাও কোনো উন্নয়ন কাজ বন্ধ করা হবে না। তিনি বলেন, "আমরা সর্বত্র সুষম উন্নয়ন করতে চাই। যেসব এলাকায় আমরা সাংসদ পাইনি সেসব এলাকার উন্নয়নে বেশি নজর দেব। আমরা সকলের জন্য কাজ করব।" গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা এ কথা বলেন। ভোট দেওয়া না দেওয়া মানুষের ইচ্ছা ও সাংবিধানিক অধিকার, কিন্তু সরকার সকলের- এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা কোনো উন্নয়ন কাজ বন্ধ করব না। ক্ষমতায় এসে সেরকম কোনো কাজ বন্ধ করিনি।" আওয়ামী লীগের বিগত শাসনামলের কথা তুলে ধরে তিনি বলেন, "অবহেলিত, দুঃস্থ ও শিশু-কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের স্বনির্ভর করতে আমরা টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ শিশু-কিশোর পুনর্বাসন কেন্দ্র পাইলট প্রকল্প হিসেবে স্থাপন করেছিলাম। কোটালিপাড়ায় স্থাপন করেছিলাম বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কেন্দ্র।" আওয়ামী লীগ সরকারের নেওয়া এসব উন্নয়ন প্রকল্প ২০০১ সালের পর আসা সরকার বন্ধ দেওয়ার নানা চেষ্টা করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের কাছে ফেনীর মানুষও মানুষ, বগুড়ার মানুষও মানুষ। সবাই সমান। তাই আমরা এসব উন্নয়নমূলক প্রকল্প পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় বাস্তাবয়ন করতে চাই।" মৎস্য সম্পদ উন্নয়নের ঘোষণা দিয়ে হাসিনা বলেন, "জাল যার জলা তার নীতি বহাল থাকবে। মৎস্য সম্পদের উন্নয়নে নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।" তিনি জানান, চিংড়ি চাষ আধুনিকীকরণে পাইলট চিংড়ি প্রদর্শনী প্রকল্প নেওয়া হবে। চিংড়ি খাদ্য হিসেবে শামুকের উৎপাদন বাড়াতেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আক্রাম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আ. লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া, ঢাকা বিভাগীয় কমিশনার ড. খন্দকার শওকত হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৭ ঘ.