ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর, বগুড়া ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও।
দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে শুরু হলেও রাজধানীতে রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। তবে তা ছিল এক পশলা মাত্র। বৃষ্টির সময় রাজধানীতে রাস্তায় নেমে অনেককে ভিজতে দেখা যায় বলে আমাদের প্রতিবেদক আবু নোমান সজিব জানান।
আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টির ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে গরমও কিছুটা কমে আসবে।
এর আগে রাত সাড়ে ১০টায় ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ৩২ মিলিমিটার, বগুড়াতে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সাত মিলিমিটার ও ঢাকায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহেও সামান্য বৃষ্টি (দশমিক পাঁচ মিলিমিটার) হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইল, জামালপুর, রাজশাহী, পাবনা এবং সিলেট বিভাগের কয়েকটি স্থানেও রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে সর্বশেষ ২৪ এপ্রিল সিলেটে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিআর/০০৫০ ঘ.
bdnews24