ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাগারগুলোর নানান সমস্যা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, "এসব কার্যক্রমের আওতায় কারাগারগুলোর অধুনিকীকরণ, প্রতিটি কারাগারে অ্যাম্বুলেন্স প্রদান, কারারক্ষীদের জন্যে আবাসনের ব্যবস্থা, বন্দিদের জন্যে ট্রেনিং ও মাল্টিপারপাস শেড এবং কারা প্রশিক্ষণ সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার উড়শিউড়ায় নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে কারা কর্মকর্তা-কর্মচারীদের ভুমিকার প্রশংসা করে সাহারা বলেন, "সরকার কারা কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার প্রতি সংবেদনশীল। ইতোমধ্যে তাদের জন্য শতকরা একশ' ভাগ রেশন নিশ্চিত করা হয়েছে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ লুৎফুল হাই, শাহ আলম, শাহ জিকরুল আহমেদ ও জিয়াউল হক মৃধা, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এএইচএম মকবুল হোসেন, জেলা প্রশাসক হাইউল কাইয়ুম, পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে উড়শিউড়ায় প্রায় ১৭ একর জমির উপর ১৯৯৭-৯৮ অর্থবছরে শুরু হয় জেলা কারাগারের নির্মাণ কাজ। গত বছরের জুনে নির্মাণ কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে কারাগারের কার্যক্রম চালু করা যায়নি।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন কারাগারে রয়েছে কয়েদিদের জন্যে ওয়ার্কশেড, তিনটি দ্বিতল ও একটি ত্রিতল ভবন, মহিলা ও শিশু বন্দিদের জন্য আলাদা ভবন, গ্রন্থাগার, হাসপাতাল, ফাঁসির মঞ্চসহ কারাকর্মকর্তা ও রক্ষীদের জন্য সুযোগ সুবিধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৩ ঘ.
bdnews24