২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পেটকাটা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন ডাকাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

গোপালগঞ্জ, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পেটকাটা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন ডাকাত। নিহতের নাম- সাগর। আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার ছয়টি বাড়িতে রোববার রাতে ডাকাতির ঘটনায় এদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। ডাকাতদের ছুরিকাঘাতে দুই মহিলা ও এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। এরা হলেন- সদর উপজেলার ডোমড়াশুর গ্রামের সুনীল ভক্তের স্ত্রী বিজলী ও ছেলে কানু, কোটালীপাড়ার দিঘলীয় গ্রামের রাজ বিহারী বৈদ্য, তার অ্যালবার্ট, ছেলের বউ রঞ্জিতা ও নাতি আট মাসের এডিসন। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার জানান, একদল ডাকাত সদর উপজেলার বড় ডোমড়াশুর গ্রামের সুনীল ভক্ত, আশু বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস ও ননি বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে। তারা সুনীল ভক্তের স্ত্রী বিজলী ও ছেলে কানুকে কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসী ও টহল পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতদলটি বড় ডোমরাশুর খাল পাড় হয়ে কোটালীপাড়ার দিকে চলে যায়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল কাশেম জানান, ডাকাত দলটি রুথিয়ারপাড় গ্রামের বিমল বিশ্বাসের বাড়িতে হানা দেয়। ভোর রাতে তারা দিঘলীয়া গ্রামের রাজ বিহারী বৈদ্যর ঘরে ঢুকে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে বিলে আশ্রয় নেয়। ভোরে চার ডাকাত কোটালীপাড়া-রাজৈর সড়কের পেটকাটা বাসস্ট্যান্ডে এলে শরীরে রক্ত দেখে স্থানীয়রা তাদের আটক করে। এক পর্যায়ে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ওসি জানান, গণপিটুনিতে আহত চার ডাকাতকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মারা যায় বিরাট। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৪ ঘ.