গোপালগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেল বাড়ি গ্রামে শনিবার রাতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা নগদ তিন লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে এবং তাদের হামলায় মহিলাসহ তিনজন আহত হয়েছেন বলে ইউএনও দীপংকর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দীপংকর বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
তিনি বলেন, "ডাকাত দল ঘরে ঢুকে আমার বৃদ্ধা মা স্নেহলতা বিশ্বাস ও ছোট ভাই সুধাকর বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। মেজভাই দিবাকর বিশ্বাস ডাকাতদের প্রতিরোধ করতে গেলে তাকে মারধর করে। তার শিশু সন্তান অথৈ বিশ্বাসকেও (৬) চরথাপ্পর মারে। দিবাকরের স্ত্রী মিতু বিশ্বাসের কান থেকে দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কান ছিঁড়ে যায়।"
সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার অনাদি জানান, রাত দেড়টার দিকে দীপংকর বিশ্বাসের বাড়িতে মুখোশধারী ডাকাতরা হানা দেয়। তারা জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
লুটপাট করে রাত আড়াইটার দিকে ডাকাতরা চলে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বলেন, বৌলতলী পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা আলী আকবার ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
আলী আকবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ডাকাতির অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24