ঢাকা এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর থানায় একই বাড়ির চারটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার গভীর রাতের এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা স্বর্ণ, ও মোবাইল ফোনসেটসহ ৪ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কে এম দাস লেনের ২৩/বি/১ বাড়িতে ডাকাতরা হামলা করে।
ওসি জানান, ডাকাতরা প্রথমে বাড়ির মালিক মোঃ সাইদুর রহমান চুন্নুর বাসায় প্রবেশ করে লোকজনকে বন্দুকের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নেয়। পরে তারা তিন ভাড়াটের বাসায় হানা দেয়।
বুধবার দুপুরে সূত্রাপুর থানায় দায়ের করা এজাহারে সাইদুর রহমান চুন্নু অভিযোগ করেন, ৪টি বাসা থেকে ডাকাতরা মোট ৩০ তোলা স্বর্ণ, ৭টি মোবাইল ফোনসেট ও নগদ একলাখ টাকা নিয়ে গেছে।
ডাকাতদের কয়েকজনের মুখে গামছা প্যাঁচানো ও পরনে লুঙ্গি ছিল বলে তিনি জানান।
বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২২৪৮ঘ.
bdnews24