দিনাজপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বৈশাখী মেলার লটারিকে কেন্দ্র করে সোমবার রাতে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচ পুলিশসহ সাতজন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও শতাধিক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে স্বীকার করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
তিনি জানান, জনতার ইটপাটকেলে আহত হয়েছেন- পুলিশ কনস্টেবল সাজিদুর করিম, আবু তাহের, বাবুল হক, ফজলে আলম ও আব্দুল করিম।
বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানান, পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন উপজেলার মোস্তফা কামালের স্ত্রী নারগিস (২২) এবং খোরশেদ আলীর ছেলে ট্রাক্টর চালক হবিবর রহমান (৪৫)।
আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনা তদন্ত করে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মঙ্গলবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মকবুল হোসেনকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক।
ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত ১১টার দিকে 'মুক্তা লাকী কুপন' নামে লটারির আয়োজকরা ড্র না করে হঠাৎ পুরস্কারের মালামাল (মোটর সাইকেল, ফ্রিজ, টিভিসহ অন্যান্য) অন্যত্র সরিয়ে ফেললে উত্তেজিত জনতা মেলায় হামলা চালায়।"
স্থানীয়রা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার বুলেটে নারগিস ও হবিবর আহত হলে জনতা আরও ক্ষেপে যায় এবং পুলিশকে ধাওয়া করে। পরে থানায় হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পাঁচ পুলিশ কনস্টেবল আহত হন।
মেলায় প্রতিদিন পুলিশের উপস্থিতিতে লটারি পরিচালনা করা হয় বলে লোকজনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মোজাম্মেল হক বলেন, "এটা আমার জানা নাই। মূলত এ মেলার আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ।"
পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঙালির ঐতিহ্য হিসেবে সব জায়গায় মেলা চলছে। এর বাইরে আমি কিছু জানি না।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ সাংবাদিকদের বলেন, "মেলার আয়োজকরা মেলার ব্যাপারে আমার দপ্তরে কোন আবেদন করেনি। উপজেলা আওয়ামী লীগ নিজ উদ্যোগে এই মেলার আয়োজন করেছে।"
জেলা প্রশাসক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলা এবং লটারির বিষয়ে আমার দপ্তরে কেউ কোন আবেদন করেনি। কিভাবে লটারি চালানো হয়েছে বিষয়টি আমার অজানা।"
তিনি বলেন, "সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে লটারির বিষয়টি আমি প্রথম জেনেছি।"
জনতা থানায় হামলা করলে জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে ১১৭ রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে বলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক স্বীকার করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, "আমার উপস্থিতিতে উত্তেজিত জনতা যখন সরকারি সম্পত্তি ভাঙচুর করছিল তখন বীরগঞ্জ থানা পুলিশ ফাঁকা রাবার বুলেট ছোড়ে।"
তিনি বলেন, "আমি থানায় প্রবেশের আগেও বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধে আমি থানায় যাই।"
বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিবলী সাদিক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৪ এপ্রিল হতে প্রশাসনের কোন অনুমতি ছাড়াই আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রবি'র উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।"
এ ব্যাপারে যোগাযোগ করেও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া ও ছাত্রলীগের সভাপতি রবিউলের সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24