২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে

আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 09:59 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

চট্টগ্রাম এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা আকবর হোসেন খানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার সকাল থেকে সিআইডি'র চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে আকবর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা (আইও) সহকারী পুুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী। রোববার সকালে জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি আকবর হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নেয়। তিনি ২০০৪ সালের এক এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেডের (সিইউএফএল) জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় আকবর হোসেন চট্টগ্রামে এনএসআই'র মাঠ কর্মকর্তা ছিলেন। তদন্ত কর্মকর্তা জানান, চট্টগ্রামের গ্রিনওয়েজ ট্রান্সপোর্টের মালিক হাবিবুর রহমান ও ব্যবস্থাপক তসলিম মল্লিকের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। মামলার অগ্রগতি ব্যাহত হবে এমন আশঙ্কায় জিজ্ঞাসাবাদ সংক্রান্ত কোন তথ্য দিতে এএসপি মনিরুজ্জামান অপারগতা প্রকাশ করেন। সিআইডি'র একজন কর্মকর্তা জানান, চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে এনএসআই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়গুলো হল- আকবর হোসেন কেন অস্ত্র পরিবহনের ট্রাক ভাড়া করেন, এতে কারা লাভবান হয়েছে, সিনিয়র কোনো গোয়েন্দা কর্মকর্তা এর সঙ্গে জড়িত কি না, এনএসআই'র তৎকালীন মহাপরিচালকের ভূমিকা কি ছিল। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬০০ ঘ.