২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় ২০০ কোটি টাকার ইট রপ্তানি চুক্তি ১০ দিনের মধ্যে: মাতলুব

২০১১ সালের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির আশা করছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়ের মধ্যে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইট, প্লাস্টিক ও তৈরি পোশাকসহ বিভিন্ন ধরণের এক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষমাত্রা ঠিক করেছি আমরা। এবং এটা সম্ভব হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের মধ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ১০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির আশা করছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সংগঠনের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়ের মধ্যে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ইট, প্লাস্টিক ও তৈরি পোশাকসহ বিভিন্ন ধরণের এক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষমাত্রা ঠিক করেছি আমরা। এবং এটা সম্ভব হবে।" ত্রিপুরার ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রোববার দেশে ফেরার পর তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যেই ত্রিপুরায় ২০০ কোটি টাকা মূল্যের ৪০ কোটি ইট রপ্তানি চুক্তির আশা করছি। ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ ১৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। এরমধ্যে ভারতে করেছে প্রায় ৩৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলারে পণ্য। ভারতে মূলত হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্য, চা, রাসায়নিক পণ্য ও তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আমদানির তুলনায় বাংলাদেশের রপ্তানি ১০ গুণ বেশি বলেও জানান মাতলুব আহমাদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "তিনি আমাকে বলেছেন, বাংলাদেশের মানুষকে তারা অনেক ভালোবাসেন। মুক্তিযুদ্ধের সময় তাদের জনসংখ্যার দ্বিগুণেরও বেশি মানুষকে তারা আশ্রয় দিয়েছিল।" নিটল-নিলয় গ্র"পের এ চেয়ারম্যান বলেন, "বাংলাদেশের মানুষের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মানুষদের সাংস্কৃতিক সম্পর্ক গভীরতর। তাই আমাদের পণ্য তারা ব্যবহার করতে পছন্দ করে।" তিনি জানান, আগরতলায় বাংলাদেশের পণ্য বিক্রির জন্য 'বাংলাবাজার' নামে একটি আলাদা বাজার করা হবে। এজন্য সরকার ৫ বিঘা জমি দিতে রাজী হয়েছে। সেখানে যৌথ উদ্যোগে বাংলাদেশের পণ্য বিক্রির জন্য ১০০ টি দোকান গড়ে তোলা হবে। এছাড়া প্রতি মাসে মেলার আয়োজন করা হবে। এটাকে মডেল ধরে পরবর্তীতে ভারতের অন্যান্য রাজ্যে এরকম বাজার করার পরিকল্পনার কথাও জানান তিনি। তবে রপ্তানি বাড়ানোর জন্য বাংলাদেশের দিকে অবকাঠামো বিশেষ করে স্থল বন্দর ও রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে বলে মনে করেন মাতলুব। এক্ষেত্রে সরকার না পারলে বেসরকারি খাতে অবকাঠামো উন্নয়নের দায়িত্ব ছেড়ে দিতে পারে। এদিকে বাংলাদেশের পর্যটকদের উত্তর-পূর্ব ভারত ভ্রমণের জন্য উদ্যোগ নিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তিনরাত চারদিন ব্যবসায়ীদের জন্য সাড়ে ৯ হাজার ও শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকায় আগরতলা ভ্রমণের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১৫৩৬ ঘ.